১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে ৭০২ জন

চলতি বছরের এখন পর্যন্ত ২৮ হাজার ৯০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন; মারা গেছেন ৭৭ জন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Aug 2026, 05:02 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু নিয়ে ৭০২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; এ সময়ে এইডিস মশাবাহিত এ রোগে কারও মৃত্যু হয়নি।

এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ২৮ হাজার ৯০ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হলেন। মারা গেছেন ৭৭ জন।

শনিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, এক দিনে নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি হন ১২৩ জন। ৮৮ জন ভর্তি হন দক্ষিণ সিটির হাসপাতালগুলোতে। দুই সিটি করপোরেশনের বাইরে ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হন ৪৭ জন।

অন্যান্য বিভাগের মধ্যে বরিশালে ১১৫ জন, চট্টগ্রামে ১০৭ জন, খুলনায় ১১৪ জন, ময়মনসিংহে ৩৮ জন, রাজশাহীতে ৫৫ এবং রংপুর ১৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।

গেল বছর ডেঙ্গুতে মৃত্যু হয় চার শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মতো।