২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আরও ৪৮৬ ডেঙ্গু রোগী হাসপাতালে, মৃত্যু ১

চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৫ জনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Sep 2024, 06:40 PM

Updated : 26 Aug 2026, 10:28 AM

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪৮৬ জন; এই সময়ে এইডিস মশাবাহিত এ রোগে চট্টগ্রাম বিভাগে একজনের মৃত্যু হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ৩১০ জন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে। 

এর বাইরে বরিশাল বিভাগে ৪৬ জন, চট্টগ্রাম বিভাগে ৭৯ জন, খুলনা বিভাগে ৩৯ জন, রাজশাহী বিভাগে ৩ জন ও রংপুর বিভাগে ৯ জন নতুন রোগী ভর্তি হয়েছে।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯ হাজার ৭৫ জনে। এর মধ্যে মারা গেছেন ১০৭ জন।

দেশের বিভিন্ন হাসপাতালে রোববার সকাল পর্যন্ত ১৯৮১ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ১৩৩৬ জন; ঢাকার বাইরে ছিলেন ৬৪৫ জন। 

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, তাদের মধ্যে মৃত্যু হয় তিনজনের। 

মার্চ মাসে আক্রান্ত হন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়। এপ্রিলে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। 

মে মাসে আক্রান্ত হয়েছেন ৬৪৪ জন, তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে আট জনের।

জুলাই মাসে ২৬৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। অগাস্ট মাস ৬৫২১ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, মৃত্যু হয় ২৭ জনের। 

আর চলতি সেপ্টেম্বর মাসের ১৫ দিনে ৬২৩৪ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২৪ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।