২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কোভিড: দেশে শনাক্ত ১০০, মৃত্যু নেই

গত ২৪ ঘণ্টায় ২৫৭ জন কোভিড রোগীর সেরে উঠেছেন।

কোভিড: দেশে শনাক্ত ১০০, মৃত্যু নেই

সম্ভাব্য কোভিড রোগীর নমুনা সংগ্রহ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2022, 05:16 PM

Updated : 20 Aug 2022, 05:16 PM

করোনাভাইরাসের সংক্রমণ কমার মধ্যে গত একদিনে সারাদেশে ১০০ নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে; মৃত্যু হয়নি কারও।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২ হাজার ২৬৫টি নমুনা পরীক্ষা করে এই ১০০ জনের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে।

তাতে নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার হয়েছে ৪ দশমিক ৪২ শতাংশ। আগের দিন এই হার ৩ দশমিক ৫২ শতাংশ ছিল।

নতুন রোগীদের নিয়ে দেশে শনাক্ত মোট কোভিড রোগীর সংখ্যা বেড়ে ২০ লাখ ৯ হাজার ৭৯৭ জন হয়েছে। তাদের মধ্যে মোট ২৯ হাজার ৩১৫ জনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় ২৫৭ জন কোভিড রোগীর সেরে ওঠার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। তাদের নিয়ে এ পর্যন্ত সুস্থ হলেন ১৯ লাখ ৫৩ হাজার ৩৬৮ জন।

নতুন শনাক্ত ১০০ জনের মধ্যে ৭৩ জনই ঢাকা জেলার বাসিন্দা। দেশের ৬৪ জেলার মধ্যে ৫৫ জেলায় গত একদিনে কোনো নতুন রোগী শনাক্ত হয়নি। গত একদিনে রংপুর, খুলনা ও বরিশাল বিভাগ ছিল নতুন রোগীবিহীন।

বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ২০২০ সালের ৮ মার্চ। ডেল্টা ভ্যারিয়েন্টের ব্যাপক বিস্তারের মধ্যে গত বছরের ২৮ জুলাই দেশে রেকর্ড ১৬ হাজার ২৩০ জন নতুন রোগী শনাক্ত হয়।

প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর ২০২০ সালের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। ২০২১ সালের ৫ অগাস্ট ও ১০ অগাস্ট ২৬৪ জন করে মৃত্যুর খবর আসে, যা মহামারীর মধ্যে এক দিনের সর্বোচ্চ সংখ্যা।

বিশ্বে করোনাভাইরাস আক্রান্ত হয়ে এ পর্যন্ত মারা গেছে ৬৪ লাখ ৫১ হাজারের বেশি মানুষ। বিশ্বজুড়ে আক্রান্ত ছাড়িয়েছে ৫৯ কোটি ৫১ লাখের বেশি।