ডেঙ্গুতে একজনের মৃত্যু, হাসপাতালে ৭৫০ জন
চলতি বছরের এখন পর্যন্ত ৭৭ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু।
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত একজনের প্রাণ গেছে। এ সময়ে নতুন করে ৭৫০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৭৭ জনের প্রাণ কাড়ল এইডিস মশাবাহিত এই রোগ। হাসপাতালে মোট ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ২৭ হাজার ২২ জনে।
বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালগুলোতে ভর্তি হন ৬১ জন। ৪৭ জন ভর্তি হন দক্ষিণ সিটি এলাকার হাসপাতালে। ঢাকার দুই সিটির বাইরে ঢাকা বিভাগে ভর্তি হন ১২২ জন।
বিভাগের হিসাবে বরিশালে ১২১ জন, চট্টগ্রামে ৯৬ জন, খুলনায় ১৭৩ জন ও ময়মনসিংহে ৫৬ জন, রাজশাহীতে ৫৭ এবং রংপুরে ১৪ এবং সিলেটে তিনজন হাসপাতালে ভর্তি হয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।
গত বছর ডেঙ্গুতে মৃত্যু হয় ৪ শতাধিক মানুষের, শনাক্ত রোগীর সংখ্যা ছিল ১ লাখ ২ হাজারের মত।
