Published : 02 Dec 2025, 05:06 PM
দেশে গত এক দিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে দুইজনের প্রাণ গেছে। এই সময়ে নতুন আক্রান্ত ৫৬৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
এ নিয়ে চলতি বছরের এখন পর্যন্ত ৩৮৬ জনের প্রাণ কাড়ল ডেঙ্গু। আর আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগী বেড়ে দাঁড়াল ৯৫ হাজার ৫৭৭ জনে।
স্বাস্থ্য অধিদপ্তরের সোমবারের বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া দুজনই ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ভর্তি ছিলেন।
চলতি বছর ডেঙ্গুতে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে নভেম্বর মাসে। ওই মাসে ১০৪ জনের প্রাণ কেড়েছে ডেঙ্গু। তার আগে অক্টোবর মাসে ৮০ জন ও সেপ্টেম্বর মাসে ৭৬ জনের মৃত্যু হয়েছে।
অগাস্ট মাসে ৩৯ জন, জুলাই মাসে ৪১ জন, জুন মাসে ১৯ জন, মে মাসে তিনজন, এপ্রিলে সাতজন, ফেব্রুয়ারিতে তিনজন ও জানুয়ারিতে ১০ জনের মৃত্যু হয় ডেঙ্গুতে। মার্চ মাসে কোনো রোগীর মৃত্যু হয়নি।
অপরদিকে ডেঙ্গুতে জানুয়ারিতে ১ হাজার ১৬১ জন, ফেব্রুয়ারিতে ৩৭৪ জন, মার্চে ৩৩৬ জন, এপ্রিলে ৭০১ জন, মে মাসে ১ হাজার ৭৭৩ জন, এ ছাড়া জুন মাসে ৫ হাজার ৯৫১ জন, অগাস্টে ১০ হাজার ৪৯৬ জন রোগী ভর্তি হয়েছেন। এ ছাড়া সেপ্টেম্বরে ১৫ হাজার ৮৬৬ জন এবং অক্টোবরে ২২ হাজার ৫২০ জন ও নভেম্বর মাসে ২৪ হাজার ৫৩৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।