২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩০৩ জন

চলতি বছরের এ পর্যন্ত ডেঙ্গুতে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৯৫৯ জনে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2024, 09:48 PM

Updated : 10 Sep 2026, 12:15 PM

মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত এক দিনে নতুন করে ৩০৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন; এ সময়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ১৭৩ জন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে।

এর বাইরে বরিশাল বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ৯২ জন, খুলনা বিভাগে তিনজন ও ময়মনসিংহ বিভাগে পাঁচজন ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ হাজার ৯৫৯ জনে। এর মধ্যে মারা গেছেন ৭৭ জন।

দেশের বিভিন্ন হাসপাতালে শনিবার সকাল পর্যন্ত ১ হাজার ৮৬ ডেঙ্গু রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৬৪৮ জন; ঢাকার বাইরে ছিলেন ৪৩৮ জন। 

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন, মারা গেছেন পাঁচজন। এপ্রিলে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, মারা গেছেন দুইজন। মে মাসে আক্রান্ত হন ৬৪৪ জন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন ডেঙ্গুতে হলেও মৃত্যু হয় আট জনের। জুলাই মাসে ২ হাজার ৬৬৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হন, মৃত্যু হয় ১২ জনের। আর অগাস্ট মাসের ২৪ দিনে ৪ হাজার ৬৩৯ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন, মৃত্যু হয়েছে ২১ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।