২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গুতে এক বছরে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ

এর আগে ২০২২ সালে ২৮১ জন মারা গিয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে, যা এক বছরে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু; ২০২৩ সালে প্রাণ যায় সর্বোচ্চ ১৭০৫ জনের।

ডেঙ্গুতে এক বছরে তৃতীয় সর্বোচ্চ মৃত্যু দেখল দেশ
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Oct 2024, 08:33 PM

Updated : 26 Aug 2026, 10:36 AM

গত একদিনে আরও পাঁচজনের মৃত্যুতে ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে এক বছরে তৃতীয় সর্বোচ্চ মত্যু দেখল বাংলাদেশ; এ নিয়ে এইডিস মশাবাহিত এ রোগে এ বছর ১৮২ জনের মৃত্যু হল।

এর আগে ২০২৩ সালে ১৭০৫ জন মারা গিয়েছিল ডেঙ্গু আক্রান্ত হয়ে, যা এক বছরে সর্বোচ্চ মৃত্যু। তার আগে ২০২২ সালে ২৮১ জন এবং ২০১৯ সালে ১৭৯ জনের মৃত্যু হয়েছিল এই রোগে।

গত একদিনে যে পাঁচজনের মৃত্যু হয়েছে তাদের দুজন বরিশাল বিভাগের, একজন ঢাকা উত্তর সিটি করপোরেশন এবং দুজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার হাসপাতালে মারা গেছেন।

এ বছর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন হাসপাতালে ৯৭ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকার হাসপাতালে ২৬ জনের মৃত্যু হয়েছে।

এছাড়া বরিশালে ২০ জন, চট্টগ্রামে ২২ জন, ঢাকা বিভাগে ৬ জন, খুলনায় ১০ এবং ময়মনসিংহ বিভাগে ১ জনের মৃত্যু হয়েছে ডেঙ্গু আক্রান্ত হয়েছে।

তবে এ বছরে এখনও রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে ডেঙ্গু আক্রান্ত হয়ে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার সারাদেশের হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৯২৭ জন রোগী।

নতুন ভর্তি রোগীদের নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫ হাজার ৩৬৫ জনে।

গত একদিনে ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৪১ জন, ঢাকা বিভাগে ১৬৪ জন, চট্টগ্রামে ৪৯ জন, বরিশালে ৫৫ জন, খুলনায় ৭৬ জন, ময়মনসিংহে ৩৮ জন রাজশাহী বিভাগে ১৮ জন, রংপুর বিভাগে ৩০ জন, বরিশাল বিভাগে ১০২ জন এবং সিলেট বিভাগে ৯ রোগী ভর্তি হয়েছে।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছে ৩৬৭৯ জন রোগী।

সেপ্টেম্বর মাসে দেশে সবচেয়ে বেশি ২২ হাজার ৫২৪ জন রোগী ভর্তি হয়েছে। এই মাসে সবচেয়ে বেশি ৯৯ জনের মৃত্যু হয়েছে।

আর অক্টোবরের প্রথম পাঁচ দিনে ৪৪২৭ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে; মৃত্যু হয়েছে ১৯ জনের।

এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হয় ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ৮ জনের।

জুলাই মাসে ২৬৬৯ জন রোগী হাসপাতালে ভর্তি হয়, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছিল, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যু হয় ওই বছর।