২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু নিয়ে হাসপাতালে আরও ৩৪ রোগী

এ মাসে ৯ জনের মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 May 2024, 10:27 PM

Updated : 26 Aug 2026, 09:36 AM

ডেঙ্গু আক্রান্ত হয়ে এক দিনে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৩৪ জন; এ সময়ে এইডিস মশাবাহিত রোগটিতে কারও মৃত্যু হয়নি।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, রোববার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন রোগীদের মধ্যে ১০ জন ভর্তি হয়েছেন ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে। এর বাইরে বরিশাল বিভাগে আটজন, চট্টগ্রামে ১২ জন, খুলনায় দুজন ও ময়মনসিংহ বিভাগে দুজন রোগী ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৬২৮ জনে। এর মধ্যে মারা গেছেন ৩৩ জন।

দেশের বিভিন্ন হাসপাতালে রোববার সকাল পর্যন্ত ১৩১ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ভর্তি ছিলেন ৬৮ জন; ঢাকার বাইরে ছিলেন ৬৩ জন।

চলতি বছরের জানুয়ারিতে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, যাদের মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারিতে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে তিনজনের।

মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন; যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিলে আক্রান্ত হয়েছেন ৫০৪ জন, যাদের মধ্যে মৃত্যু হয়েছে দুইজনের। 

১৯ মে পর্যন্ত ৪১৯ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে নয়জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হন। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।