হাম: আরও তিন জনের মৃত্যু
চলতি বছরের শুরু থেকেই দেশে হামের প্রকোপ দেখা দেয়।
দেশে একদিনে হামের লক্ষণ নিয়ে আরো তিনজনের মৃত্যু হয়েছে।
তাতে এ পর্যন্ত হাম ও উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮২৮ জনে।
হাম বুলেটিনের তথ্য অনুযায়ী, মৃতদের মধ্যে হাম শনাক্ত হওয়া ৯৫ জন রয়েছে। বাকি ৭৩৩ জনের মৃত্যু হয়েছে রোগটির উপসর্গ নিয়ে।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, হামের উপসর্গ নিয়ে সবচেয়ে বেশি ৩২০ জন মারা গেছে ঢাকা বিভাগে। এর পরেই আছে সিলেট বিভাগ, সেখানে মারা গেছে ১০৭ জন। এছাড়া রাজশাহীতে ৯১, চট্টগ্রামে ৫৯, বরিশালে ৪৪, ময়মনসিংহে ৬৯, খুলনায় ৩২ ও রংপুর বিভাগে ১১ জন মারা গেছে।
মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় ১০৫ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এসময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে যায় ৭৯৯ জন, তাদের মধ্যে ৭৮৭ জন ভর্তি হয়েছে।
ঢাকা বিভাগের হাসপাতালগুলোতে ভর্তি হয়েছে ২৩৩ জন, রাজশাহীতে ৩১, সিলেটে ৭৭, চট্টগ্রামে ২১৫, বরিশালে ১৩০, ময়মনসিংহে ৪৫, খুলনায় ৪৩ ও রংপুরে ভর্তি হয়েছে ১৩ জন।
এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে হাম রোগী ভর্তির সংখ্যা দাঁড়াল এক লাখ ৮ হাজার ৪৪১ জন। তাদের মধ্যে ১ লাখ চার হাজার ২৩৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।
চলতি বছরের শুরু থেকেই দেশে হামের প্রকোপ দেখা দেয়। তবে ফেব্রুয়ারির শেষ দিক থেকে তা সারাদেশে ছড়িয়ে পড়ে।
এরপর ১৫ মার্চ থেকে স্বাস্থ্য অধিদপ্তর রোগটি নিয়ে পরিসংখ্যান ও তথ্যউপাত্ত সংরক্ষণ শুরু করে। ডব্লিউএইচওর তথ্য অনুসারে, ২০০৫ সালে ২৫ হাজারের বেশি শিশু আক্রান্ত হয়েছিল।
