‘আমি যেমন টিকা দিছি, তোমরাও তেমন দিও’
আগামী ২৫ অগাস্ট ঢাকার বিভিন্ন স্কুলে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের কোভিড টিকা দেওয়া হবে।
“টিকা দেওয়ার পর আমি অনেক ভালো আছি। কিছুই হয় নাই, ভয়ও পাই নাই। এরপরে টিকা দিলে দ্বিতীয় ডোজও নিব। আমি স্কুলের এক বন্ধুকে বলছিলাম- আমি যেমন টিকা দিছি, তোমরা তেমন টিকা দিও।”
পরীক্ষামূলকভাবে টিকা নেওয়া শিশু শামীমা সিদ্দিকা তাসিন এভাবেই মঙ্গলবার উচ্ছ্বাস প্রকাশ করছিল।
গত ১১ অগাস্ট দেশে প্রথমবারের মতো ৫ থেকে ১১ বছর বয়সী ১৭ শিশুকে করোনাভাইরাসের টিকা দেওয়া হয়, যার মধ্যে তৃতীয় শ্রেণির তাসিনও রয়েছে।
টিকা নেওয়ার পর এই শিশুদের কারও শরীরে তেমন কোনো পার্শ্বপ্রতিক্রিয়া হয়নি। একটি শিশুর সামান্য জ্বর হলেও পরদিনই তা সেরে গেছে।
সেই শিক্ষার্থী সানজিদা আক্তারের মা হ্যাপি আক্তার সাথী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটু জ্বর আসছিল। ওষুধ খাওয়ালে একদিন পর জ্বর সেরে গেছে। টিকা দেওয়ার পরে কোনো ঝামেলা হয় নাই। নিয়মিত স্কুলে গিয়েছে।”
দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী সৌম্য দ্বীপ দাসের মা দেবযানী দত্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমার ছেলে পরদিন থেকেই স্কুলে গেছে। কোনো ধরনের সমস্যা হয়নি। আমি যতদূর জেনেছি, অন্য বাচ্চাদেরও তেমন কোনো সমস্যা হয়নি টিকা নেওয়ার পর। টিকা নেওয়াটা আসলে খুব ভালো হয়েছে।”
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে টিকা নেওয়া ১৭ শিশুকেই ফাইজারের প্রতিষেধক দেওয়া হয়, এই টিকা শিশুদের জন্যই তৈরি।
পরীক্ষামূলক টিকা নেওয়া সবাই শেরে বাংলা নগর আবুল বাশার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী। এসব শিশু এবং তাদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা গেছে, তাদের কারোরই কোনো ধরনের সমস্যা হয়নি। টিকা দেওয়ার পরদিন থেকেই সবাই স্কুলে গেছে, খেলাধুলা করেছে।
সেদিন সবার আগে টিকা নিয়েছিল তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিধি নন্দিনী কুণ্ডু।
নিধির বাবা নন্দ গোপাল কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “টিকা নেওয়ার পর ওইদিন একটু রেস্টে ছিল। জ্বর-টর কিছু আসে নাই। তারা ভালোই আছে। সোমবার তাদের স্কুলে ইউনিসেফের লোকজন এসেছিল, টিকা নেওয়া বাচ্চাদের সাক্ষাৎকার নাকি নিয়ে গেছে।”
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. আহমেদুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তারাও ওই শিশুদের খবর নিয়েছেন। কারও তেমন কোনো সমস্যা হয়নি।
“এটা ফাইজারের টিকা। শিশুদের জন্য তৈরি করা হয়েছে। শিশুদের করোনাভাইরাস থেকে সুরক্ষা দিতে টিকা খুব কাজে দেবে।”
ডা. আহমেদুল কবীর জানান, ২৫ অগাস্ট ঢাকার বিভিন্ন স্কুলে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনাভাইরাসের টিকা দেওয়া হবে। পরে দেশের অন্যান্য জায়গায় টিকা দেওয়ার পরিকল্পনা রয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের।
কোভিড মহামারী শুরুর পর ২০২১ সালে বাংলাদেশে প্রাপ্তবয়স্কদের টিকাদান শুরু হয়, পরের বছর ১২ থেকে ১৭ বছর বয়সীদেরও টিকার আওতায় আনা হয়। এখন ৫ বছর বয়সীরাও পাবে কোভিড টিকা।
