২০ অক্টোবর ২০২৬, ০৫ কার্তিক ১৪৩৩

ঢাকায় আয়ুর্বেদ দিবস উদযাপন

বাংলাদেশে প্রাপ্ত বিভিন্ন আয়ুর্বেদিক পণ্য ও সেবার প্রদর্শনীও হয়েছে অনুষ্ঠানে।

ঢাকায় আয়ুর্বেদ দিবস উদযাপন
ঢাকার গুলশানের ‘ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে’ মঙ্গলবার নবম আয়ুর্বেদ দিবস উদ্যাপিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2024, 09:16 PM

Updated : 26 Aug 2026, 10:49 AM

আয়ুর্বেদিক চিকিৎসায় দুই দেশের মধ্যে সহযোগিতা বাড়ানোর লক্ষ্যে ঢাকায় আয়ুর্বেদ দিবস উদযাপন করেছে ভারতীয় হাই কমিশনের ‘ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র’।

মঙ্গলবার গুলশানের ‘ভারতীয় সাংস্কৃতিক কেন্দ্রে’ নবম আয়ুর্বেদ দিবস উদ্যাপনের কথা ঢাকায় ভারতীয় হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে।

এবারের আয়ুর্বেদ দিবসের প্রতিপাদ্য ‘বিশ্বস্বাস্থ্যের জন্য আয়ুর্বেদ উদ্ভাবন’। অনুষ্ঠানে আয়ুর্বেদ বিশেষজ্ঞ, গবেষক, শিক্ষার্থী, ঔষধ শিল্পের প্রতিনিধি ও বাংলাদেশের সুশীল সমাজ প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনার পাওয়ান বাধে বলেন, “আয়ুর্বেদ ও অন্যান্য ঐতিহ্যগত চিকিৎসা পদ্ধতির ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে ভারত প্রতিশ্রুতিবদ্ধ।”

ঐতিহ্যগত চিকিৎসার ক্ষেত্রগুলোতে সহযোগিতা ও জ্ঞান বিনিময়ের গুরুত্বের ওপর জোর দেন তিনি।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগের অধ্যাপক সীতেশ চন্দ্র বাছার, ঢাকাস্থ আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার ফর মাস্কুলোস্কেলেটাল ডিসঅর্ডারের প্রধান গবেষক মোখলেসুর রহমান, হামদর্দ বাংলাদেশ ফাউন্ডেশনের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ জামাল উদ্দিন ও ভারত সরকারের আয়ুষ মন্ত্রণালয়ের অধীনে প্রতিষ্ঠিত হামদর্দ বিশ্ববিদ্যালয়ের একাডেমিক চেয়ার মুনাওয়ার হুসেন কাজমি আয়ুর্বেদের বর্তমান প্রাসঙ্গিকতা সম্পর্কে নিজেদের অনুষ্ঠানে মতামত তুলে ধরেন।

অনুষ্ঠানে সেতার বাদক এবাদুল হক সৈকতের সঙ্গীত পরিবেশনার পাশাপাশি বাংলাদেশে প্রাপ্ত বিভিন্ন আয়ুর্বেদিক পণ্য ও সেবার প্রদর্শনীও হয়েছে।