২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডেঙ্গু: হাসপাতালে ভর্তি ৪৫৮ জন, মৃত্যু ২

সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৮৪ হাজার ৮২৬ জন হল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2024, 05:52 PM

Updated : 26 Aug 2026, 10:58 AM

দেশে গত একদিনে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরো ৪৫৮ জন, এই সময়ে মশাবাহিত রোগটিতে দুইজনের মৃত্যু হয়েছে। 

সব মিলিয়ে এ বছর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে ৮৪ হাজার ৮২৬ জন হল। আর মৃত্যু হয়েছে ৪৩৮ জনের। 

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ১৮১ জন, ঢাকা বিভাগে ৫৮ জন, ময়মনসিংহে ২২ জন, চট্টগ্রামে ৬২ জন, খুলনায় ৬৫ জন, রাজশাহী বিভাগে ৪৭ জন, রংপুর বিভাগে দুইজন, বরিশাল বিভাগে ২০ জন এবং সিলেট বিভাগে একজন ভর্তি হয়েছেন।

যাদের মৃত্যু হয়েছে, তাদের মধ্যে একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ও আরেকজন চট্টগ্রাম বিভাগের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

শুক্রবার সকাল পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ৮০ হাজার ৫১৮ জন রোগী। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ৩ হাজার ৮৭০ জন। 

তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি ১ হাজার ৫৩৯ জন; আর ২ হাজার ৩৩১ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি। 

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ৫০ হাজার ৬৮৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪ হাজার ১৩৯ জন।

এ বছর সবচেয়ে বেশি ৩০ হাজার ৮৭৯ জন রোগী ভর্তি হয়েছে অক্টোবর মাসে, মৃত্যু হয়েছে ১৩৫ জনের। আর নভেম্বরের ২২ দিনে ২৩ হাজার ৯ জন রোগী ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২৩ জনের।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১ হাজার ৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।