টিকা দেয়ার হার বাড়লেও এখনো পিছিয়ে বাংলাদেশ
নয়টি রোগের হাত থেকে শিশুদের রক্ষায় টিকা নেয়ার হার নিয়মিতভাবে বাড়লেও সরকারের নির্ধারিত লক্ষ্যের চেয়ে এখনও পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
একবছর পূর্ণ হওয়ার আগে নিয়মমাফিক সবগুলো টিকা নেয়া শিশুদের হার ২০১৬ সালের মধ্যে ৯০ শতাংশে উন্নীত করার লক্ষ্য রয়েছে সরকারের। ২০১৩ সালে এই হার ছিল ৮১ শতাংশ।
সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) হিসাবে, গত ছয় বছর ধরে টিকা নেয়ার হার ১ শতাংশ করে বাড়ছে।
মঙ্গলবার প্রকাশিত ‘ইপিআই কভারেজ ইভাল্যুয়েশন সার্ভে ২০১৩’ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
এ প্রতিবেদন প্রকাশ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে টিকাদান কর্মসূচিতে সবচেয়ে সফল জেলা ও বিভাগকে পুরস্কৃত করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।
হাম-রুবেলা টিকাদান কর্মসূচির শুরুর দিন শনিবার রাজধানীতে টিকা দেয়া হচ্ছে একটি শিশুকে।
প্রতিবেদনে বলা হয়, ২০১৩ সালে ২৩ মাস বয়সী শিশুদের মধ্যে ইপিআইয়ের নির্ধারিত সূচি অনুযায়ী টিকা নিয়েছে এমন শিশুর হার ৯৩ শতাংশ।
বিভাগ পর্যায়ে গত বছর রাজশাহীতে শিশুদের টিকা নেয়ার হার ছিল সবচেয়ে বেশি, ৮৫ দশমিক ২ শতাংশ।
এই হার সবচেয়ে কম বরিশালে, ৭৭ দশমিক ৫ শতাংশ।
৯১ শতাংশ সাফল্য নিয়ে জেলাগুলোর মধ্যে শীর্ষে রয়েছে বাগেরহাট। রাঙামাটি জেলায় এই হার সবচেয়ে কম, ৬৮ শতাংশ।
ইপিআইয়ের নিয়ম অনুযায়ী, শিশুদের জন্মের একবছর বয়সের মধ্যে নির্দিষ্ট বিরতিতে নয়টি রোগের প্রতিষেধক হিসেবে পাঁচটি টিকা নিতে হয়।
যক্ষা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, ধনুষ্টংকার এবং হামে শিশুমৃত্যুর হার কমাতে ১৯৭৯ সালে শুরু হয় ইপিআই। কয়েকবছর আগে হেপাটাইটিস বি, হোমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি এবং রুবেলার টিকাও এই কর্মসূচিতে যুক্ত হয়।
চলতি বছর ডিসেম্বরের মধ্যে নিউমোনিয়ার টিকাও ইপিআই কার্যক্রমে যুক্ত করার পরিকল্পনা রয়েছে সরকারের। এছাড়া আগামী জানুয়ারি থেকে পোলিওর টিকা মুখে খাওয়ানোর পরিবর্তে ইনজেকশনের মাধ্যমে দেয়ারও পরিকল্পনা রয়েছে।
