২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্যে সাফল্য: প্রধানমন্ত্রীকে জাতিসংঘে বক্তৃতার আমন্ত্রণ

স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্যের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে জাতিসংঘের আসন্ন সাধারণ অধিবেশনে বক্তৃতা দেয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Aug 2014, 03:48 PM

Updated : 22 Aug 2022, 06:51 PM

বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে এক অনুষ্ঠানে স্বাস্থ্য সচিব এম এন নিয়াজ উদ্দিন আহমেদ এ কথা জানান।

৩৩তম বিসিএসে নিয়োগ পাওয়া ৬ হাজার ১৫১ জন চিকিৎসকের যোগদান ও  ওরিয়েন্টশন উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সচিব বলেন, বিশ্বে স্বাস্থ্যখাতে বাংলাদেশ সেরা সাফল্য দেখিয়েছে। এ কারণে জাতিসংঘ প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়েছে।

Image
ফাইল ছবি

ফাইল ছবি

পাঁচ বছরের কম বয়সী শিশুমৃত্যুর হার কমিয়ে আনার ক্ষেত্রে সাফল্যের জন্য এর আগে বাংলাদেশের এমডিজি পুরস্কার প্রাপ্তি এবং স্বাস্থ্য খাতে বাংলাদেশের সাফল্য নিয়ে ব্রিটিশ চিকিৎসা সাময়িকী ল্যানসেটে ধারাবাহিক প্রতিবেদন প্রকাশিত হওয়ার বিষয়টিও অনুষ্ঠানে তুলে ধরেন সচিব। 

গত বছর ল্যানসেটের প্রতিবেদনে বলা হয়, বিশ্বের অন্যতম দরিদ্র দেশ হওয়ার পরেও গত ৪০ বছরে স্বাস্থ্য খাতে ‘যুগান্তকারী সফলতা’ অর্জন করেছে বাংলাদেশ।এই সময়ে শিশু মৃত্যুর হার কমেছে, গড় আয়ু বেড়েছে এবং রোগ নিয়ন্ত্রণে দারুণ অগ্রগতি হয়েছে।

‘জিডিটাল বাংলাদেশ’ কর্মসূচির অংশ হিসাবে ‘ই-স্বাস্থ্য’ সেবা চালু করায় সরকারের গত মেয়াদে জাতিসংঘের ‘সাউথ সাউথ’ পুরস্কার পেয়েছিলন বাংলাদেশের প্রধানমন্ত্রী।