২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চমেক বিশ্ববিদ্যালয় হবেই: স্বাস্থ্যমন্ত্রী

কর্মচারীদের বিরোধিতার মধ্যেই চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কাজ শুরুর ঘোষণা দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 10:09 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

মঙ্গলবার লালদীঘি ময়দানে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদের জনসভায় তিনি এ ঘোষণা দেন।

নাসিম বলেন, “চট্টগ্রাম মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের কাজ এ মুহূর্ত থেকে শুরু হল। খুব দ্রুত কাজ শেষ হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজে বিশ্ববিদ্যালয় উদ্বোধন করবেন।”

চট্টগ্রাম মেডিকেলকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের বিষয়ে সকালে প্রধানমন্ত্রী স্বাস্থ্য মন্ত্রণালয়ে বৈঠকে নির্দেশনা দিয়েছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, “প্রধানমন্ত্রী যে আশ্বাস দিয়েছেন, তা অবশ্যই বাস্তবায়িত হবে। দুনিয়ার কোনো শক্তি নাই তা বাধাগ্রস্ত করবে।

“বিশ্ববিদ্যালয় হলে কেউ অন্যায় না করলে চাকরি হারাবে না। বিশ্ববিদ্যালয় রূপান্তর ঠেকাতে কারা উস্কানি দিচ্ছে তাদের চিনি। তারা চায় না শেখ হাসিনার নেতৃত্বে কোনো উন্নয়ন হোক। কিন্তু কোনো বাধায় কাজ হবে না। তার সব ঘোষণা বাস্তবায়িত হবে।”

প্রধানমন্ত্রী চট্টগ্রাম ও রাজশাহী মেডিকেল কলেজকে বিশ্ববিদ্যালয়ের রূপান্তরের পরামর্শ দিয়েছেন বলে গত ২৭ ফেব্রুয়ারি রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটির এক অনুষ্ঠানে জানান স্বাস্থ্যমন্ত্রী।

তার এ ঘোষণার পর চট্টগ্রাম মেডিকেলে গত ২ থেকে ৪ মার্চ প্রতিদিন তিন ঘণ্টা করে কর্মবিরতি পালন করে ‘চমেক হাসপাতাল কর্মচারী সমন্বয় সংগ্রাম ঐক্য পরিষদ’।

গত ২ মার্চ বিশ্ববিদ্যালয় ঘোষণার পক্ষ-বিপক্ষে কলেজ ক্যাম্পাসে মিছিল সমাবেশ করেন চিকিৎসক ও কর্মচারীরা।

এরপর সক্রিয় হয়ে ওঠে চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় বাস্তবায়ন পরিষদ। ৫ মার্চ নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে চিকিৎসক নেতারা বৈঠক করেন।

ওইদিন বিশ্ববিদ্যালয়ের দাবিতে নগর আওয়ামী লীগ লালদীঘিতে সমাবেশ করার ঘোষণা দেয়। যদিও মঙ্গলবার সমাবেশ হয় বাস্তবায়ন পরিষদের ব্যানারে।

এর আগে ৮ মার্চ আওয়ামী লীগ নেতাদের নিয়ে কলেজ ক্যাম্পাসে সমাবেশ করে পরিষদ।

মঙ্গলবারের জনসভায় নাসিম এসময় চট্টগ্রাম মেডিকেল কলেজে হাসপাতালে শয্যা আরও এক হাজার বাড়ানো এবং চট্টগ্রাম জেনারেল হাসপাতালকে মেডিকেল কলেজে রূপান্তরেরও আশ্বাস দেন মন্ত্রী।

জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নগর আওয়ামী লীগ সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোসলেম উদ্দিন আহমদ, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ  জ ম নাছির উদ্দিন, চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ সেলিম মোহাম্মদ জাহাঙ্গীর প্রমুখ।