থাইল্যান্ডে স্বল্প খরচে চিকিৎসা বাংলাদেশিদের
চলতি বছরে বাংলাদেশিদের জন্য স্বল্প খরচে স্বাস্থ্য পরীক্ষার সুযোগ চালু করবে থাইল্যান্ডের একটি হাসপাতাল।
দেশটির রাজধানী ব্যাংককের ভেজথানি হাসপাতালে মাত্র একশ’ ডলারে বাংলাদেশি পুরুষ এবং ১৭০ ডলারে নারীরা সম্পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা করতে পারবেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
শনিবার দুপুরে চট্টগ্রাম নগরীর একটি হোটেলে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান হাসপাতালটির মার্কেটিং ডিরেক্টর লরানি সিরিকাসেম।
তিনি বলেন, এই হাসপাতালে মেরুদন্ড ও অর্থোপেডিক বিভিন্ন রোগের চিকিৎসার পাশাপাশি আর্থোপ্লাস্টি ও অর্থোপেডিক ট্রমা সার্জারি করা হয়। বাংলাদেশি নাগরিকরা সব ধরনের চিকিৎসাসেবায় বিশেষ সুবিধা পাবেন।
ভেজথানি হসপিটাল আইএসও সনদপ্রাপ্ত এবং ‘জয়েন্ট কমিশন ইন্টারন্যাশনাল’ (জেসিআই) অনুমোদিত একটি আন্তর্জাতিক মানের হাসপাতাল বলেও জানান লরানি।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভেজথানি হাসপাতালের অর্থোপেডিক সার্জন ডা. প্রেমসাথিয়ান সিরিথানাফিফাত, হাসপাতালের ইন্টারন্যাশনাল মার্কেটিং ম্যানেজার হাসান ইকবাল, ঢাকা কেন্দ্রের তথ্য কর্মকর্তা সৈয়দ এনামুল কবির, চট্টগ্রাম তথ্য কেন্দ্রের কর্মকর্তা ডা. প্রণব প্রসাদ দাশ ও নির্বাহী আজাদুল হক তপু।
