দেশে চালু হলো বৈশ্বিক রোগ সনাক্তকরণ কেন্দ্র
যুক্তরাষ্ট্রের উদ্যোগে দেশে প্রথমবারের মতো বৈশ্বিক রোগ সনাক্তকরণ কেন্দ্র চালু হয়েছে।
যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশনের (সিডিসি) অধীনে সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর) এই কেন্দ্র হিসেবে কাজ করবে।
বাংলাদেশের আগে ভারত, চীন, মিশর, গুয়াতেমালা, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা ও থাইল্যান্ডে এই কেন্দ্র চালু করেছে যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্রের বাইরে সিডিসির এটি অষ্টম বৈশ্বিক রোগ শনাক্তকরণ (গ্লোবাল ডিজিজি ডিটেকশন-জিডিডি) কেন্দ্র।
যোগ্যতার শর্ত পূরণ করায় আইইডিসিআরকে জিডিডি কেন্দ্রের জন্য নির্বাচিত করেছে যুক্তরাষ্ট্র।
এর ফলে রোগ পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও প্রতিরোধের ক্ষেত্রে দেশ নতুন পর্বে প্রবেশ করল।
মঙ্গলবার স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক এই কেন্দ্রের উদ্বোধন করেন।
আইইডিসিআরের জন্য দক্ষ রোগ সনাক্তকারী তৈরির লক্ষ্যে দুবছরের এই প্রশিক্ষণ কোর্স চালুর মাধ্যমে কেন্দ্রটির আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হয়।
আইইডিসিআরে স্থাপিত কেন্দ্রটি জনস্বাস্থ্যের জন্য হুমকি হিসেবে দেখা দেয়া রোগগুলো দ্রুত সনাক্তকরণে কাজ করবে।
আইইডিসিআর মিলনায়নে উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী ছাড়াও যুক্তরাষ্ট্র সিডিসির সেন্টার ফর গ্লোবাল হেলথের পরিচালক টমাস কেনিয়ন, যুক্তরাষ্ট্রের বাংলাদেশ মিশনের উপপ্রধান জন ডানিলোভিজ, ইউএসএআইডির আবাসিক প্রতিনিধি রিচার্ড গ্রিন ও আইইডিসিআর পরিচালক মাহমুদুর রহমান উপস্থিত ছিলেন।
রোগ সনাক্তকারী তৈরির জন্য গত মার্চে সিডিসির সঙ্গে মাঠ পর্যায়ে প্রশিক্ষণ কার্যক্রমের ফিল্ড এপিডেমিওলোজি ট্রেইনিং প্রোগাম (এফইটিপি) পরিচালনা সংক্রান্ত একটি চুক্তি করে আইইডিসিআর।
প্রশিক্ষণের ৮০ শতাংশ হবে মাঠ পর্যায়ের সমীক্ষায় এবং ২০ শতাংশ হবে শ্রেণিকক্ষে তা পর্যালোচনার মাধ্যমে।
আইইডিসিআর পরিচালক বলেন, “প্রশিক্ষণের মাধ্যমে রোগ সংক্রমণের বিস্তার ঠেকানোর উপায় সম্পর্কে ধারণা পাবেন স্বাস্থ্যকর্মীরা।”
এধরনের প্রশিক্ষিত সরকারি চিকিৎসকদের অন্তত এক জনকে প্রতিটি জেলায় পাঠানোর পরিকল্পনা রয়েছে বলে জানান তিনি।
আইইসিডিআরের প্রধান বলেন, “বর্তমান বিশ্বে কোনো জায়গায় একটি রোগের প্রাদুর্ভাব হলে তা দ্রুত অন্যত্র ছড়িয়ে পড়ে। তাই আমাদের দ্রুত রোগের উৎস সম্পর্কে জানতে হবে।”
বাংলাদেশে সিডিসির রোগ সনাক্তকরণ কেন্দ্র চালু করতে পারাকে তাদের জন্য একটি ‘বিশেষ কার্যক্রম’ হিসেবে অভিহিত করেন কেনিয়ন।
তিনি বলেন, “এটা বৈশ্বিক জনস্বাস্থ্যের জন্যও কাজ করবে।”
সম্প্রতি বিশ্বে যে রোগগুলোর সংক্রমণ দেখা গেছে তার প্রায় সবগুলোই বাংলাদেশেও ছড়িয়েছে।
এগুলোর মধ্যে ১৯৯৭ সালে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, ১৯৯৮ সালে নিপাহ ভাইরাস, ১৯৯৩ সালে হান্টাভাইরাস, ২০০২ সালে সার্স এবং আশির দশকে প্রিয়ন ও এইচআইভির সংক্রমণ রয়েছে।
