২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃত্রিম অঙ্গ সংযোজনে আসছেন বিদেশি বিশেষজ্ঞরা

সাভারে ভবন ধসে অঙ্গহানি হওয়া শ্রমিকদের চিকিৎসা সহায়তা দিতে ভারত ও থাইল্যান্ডের এক দল চিকিৎসক ঢাকা আসছেন বলে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2013, 11:48 PM

Updated : 23 Aug 2022, 11:13 AM

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক সোমবার সাংবাদিকদের জানান, সাভারে রানা প্লাজার ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে হাত-পা হারিয়ে ৩৬ জন শ্রমিক পঙ্গু হন।

তাদের মধ্যে দুই জন মারা গেছেন। নয় জন পক্ষাঘাতগ্রস্ত এবং ২৫ জনের অঙ্গহানি হয়েছে।

যাদের অঙ্গহানি হয়েছে, তাদের কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার কথা ভাবছেন এই বিদেশি চিকিৎসকরা।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ভারত ও থাইল্যান্ডের প্রতিনিধি দল কৃত্রিম অঙ্গ সংযোজন করবেন। তবে অনেকে এরই মধ্যে দেশ থেকেই এ সেবা নিয়েছেন।

তিনি বলেন, ভারতের প্রখ্যাত জয়পুর ফুট ও থাইল্যান্ডের প্রোসথেসিস ফাউন্ডেশন সরকারের কাছে রানা প্লাজা ধসে অঙ্গ হারানো শ্রমিকদের সহায়তায় এগিয়ে আসার প্রস্তাব দেয়।

ভারতের প্রতিনিধি দল আগামী ২৭ জুলাই পরিস্থিতি পর্যালোচনার জন্য ঢাকা আসবেন। আর পর্যালোচনা শেষে আগামী ১৯ সেপ্টেম্বর  ঢাকা আসার সিদ্ধান্ত নিয়েছেন থাই বিশেষজ্ঞরা।

মন্ত্রী বলেন, “থাইল্যান্ডের প্রতিনিধি দল তাদের ভ্রাম্যমাণ অঙ্গ-প্রত্যঙ্গ স্থাপনের সব সরঞ্জাম নিয়ে আসবে।”

সাভারে ক্ষতিগ্রস্তসহ অন্তত ১০০ জনকে তারা এ সেবা দেবেন।

মন্ত্রী জানান, সরকার সাভারে ক্ষতিগ্রস্তদের তালিকা করেছে। এর বাইরে যাদের কৃত্রিম অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন প্রয়োজন তারা আগামী ১৮ থেকে ২২ অগাস্ট জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) নিবন্ধন করতে পারবে।

পর্যালোচনা শেষ করার পর তাদের কী ধরনের সহযোগিতা করা হবে সে বিষয়ে ভারতীয় প্রতিনিধি দল সিদ্ধান্ত নেবে।

সাভারে ক্ষতিগ্রস্তদের চিকিৎসা ও পুনর্বাসনে সরকার সব কিছু করবে বলে জানান মন্ত্রী।

তিনি বলেন, “প্রধানমন্ত্রী সাভারে অঙ্গ হারানো ৩৬ জনের প্রত্যেকের জন্য ১০ থেকে ১৫ লাখ টাকার সঞ্চয়পত্র কিনেছেন। তাদের মধ্যে ২৪ জনকে এরমধ্যে তা দেয়া হয়েছে।”

এছাড়া ধ্বংসস্তূপের নিচে যারা চাপা পড়েছিলেন তাদের জন্য দীর্ঘমেয়াদে ‘সাইকো-সোস্যাল’ চিকিৎসার উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।

গত ২৪ এপ্রিল সাভারের রানা প্লাজা ধসে ১১ শ’র বেশি মানুষ নিহত হন। আহত হন প্রায় তিন হাজার মানুষ।