হাজার শয্যার হাসপাতাল করবে বিএসএমএমইউ
রাজধানীর শাহবাগে এক হাজার শয্যার আরেকটি হাসপাতাল করার সিদ্ধান্ত নিয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) কর্তৃপক্ষ।
নতুন এ হাসপাতালের নির্মাণ কাজ ২০১৭ সাল নাগাদ শেষ হবে। সেখানে ‘বিশেষায়িত ও বহুমুখী’ চিকিৎসার সুযোগ থাকবে বলে বিএসএমএমইউর পক্ষ থেকে বলা হয়েছে।
এক হাজার নয়শ’ কোটি টাকার এই প্রকল্পের সম্ভাব্যতা যাচাই করা হবে আগামী পাঁচ মাসের মধ্যে।
১৯৯৮ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয় বিএসএমএমইউতে বর্তমানে দেড় হাজার শয্যার হাসপাতাল রয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এ প্রকল্পের সম্ভাব্যতা যাচাইয়ের জন্য দক্ষিণ কোরিয়া সরকারের ইকোনোমিক ডেভেলপমেন্ট কোঅপারেশন ফান্ডের সঙ্গে বৃহস্পতিবার একটি সমঝোতা স্মারকে সই করেছেন বিএসএমএমইউ উপাচার্য অধ্যাপক প্রাণ গোপাল দত্ত।
অন্যান্য সেবার সঙ্গে নতুন এই হাসপাতালে একশ’ শয্যার আইসিইউ, ৫০ শয্যার করোনারি কেয়ার ইউনিট, নবজাতকদের জন্য ৫০ শয্যার আইসিইউ, শিশুদের জন্য ৫০ শয্যার আইসিইউ, অপারেশন কমপ্লেক্স, বোন ম্যারো, কিডনি ও লিভার প্রতিস্থাপন ইউনিট থাকবে।
