২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিপা সংক্রমণে আরো ২ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Jan 2013, 02:01 PM

Updated : 23 Aug 2022, 10:06 AM

নিপা ভাইরাস সংক্রমণে মৃতের সংখ্যা আটজনে উন্নীত  হয়েছে।

রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান রোববার জানিয়েছেন, নিপা ভাইরাস সংক্রমণে দেশে আরো দুজনের মৃত্যু হওয়ায় এবছর এ পর্যন্ত আটজনের মৃত্যু হল।

সর্বশেষ পাবনা ও রাজশাহীতে  একজন করে দুজনের মৃত্যু হয়েছে। সম্প্রতি রাজবাড়ী, ঝিনাইদহ, নওগাঁ, নাটোর ও গাইবান্ধায় নিপা ভাইরাসে পাঁচ জন মারা গেছেন।

চলতি শীত মৌসুমের শুরুতে ঢাকায়  আট বছর বয়সী একটি শিশু এ ভাইরাস সংক্রমণে মারা যায়। আট বছরের আরো একটি ছেলে রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন।

সাধারণত শীতকালে বাদুরের মাধ্যমে খেঁজুরের রস থেকে মানুষে এই ভাইরাস সংক্রমিত হয়। আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে এলেও এ ভাইরাসের সংক্রমণ হতে পারে। জানুয়ারি থেকে এপ্রিলের মধ্যে বাংলাদেশে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার ঝুঁকি থাকে।

মাহমুদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এবিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য গণমাধ্যমে প্রচারণা শুরু করার জন্য স্বাস্থ্য শিক্ষা ব্যুরোকে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী।

তিনি বলেন, “এবছর আগেই এ ভাইরাস ছড়িয়ে পড়েছে, কয়েক সপ্তাহের মধ্যে ১১ জন সংক্রমিত হয়েছে।”

যে সমস্ত জেলায় এ ভাইরাসের সংক্রমণ আছে সেখানকার স্বাস্থ্যকেন্দ্রগুলো নিপা ব্যবস্থাপনা বিষয়ে নীতিমালা পাঠানো হয়েছে বলে জানান তিনি।

বাংলাদেশ সফররত যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের পরিচালক ডা. টমাস আর ফ্রাইডেনের কাছে সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এটা পুরোপুরি স্বাস্থ্যশিক্ষার বিষয়। কারণ খেঁজুরের কাঁচা রস পানে এ ভাইরাসের সংক্রমণ হয়।

তিনি বলেন, “তবে অভ্যাস পরিবর্তন করা খুব কঠিন।”

আইসিডিডিআর,বির সঙ্গে যৌথভাবে আইইডিসিআর একটি প্রকল্প পরিচালনা করছেন, যা কাঁচা রসপানের অভ্যাস পরিত্যাগ করানোর মাধ্যমে নিপা সংক্রমণের হার কমানোর চেষ্টা করা করবে।

যুক্তরাষ্ট্রের সিডিসি এই ভাইরাস নির্নয়ে পরীক্ষার যন্ত্রপাতি দিয়ে সহায়তা করছে বলেও জানান ডা. টমাস।

নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণগুলোর মধ্যে রয়েছে- জ্বর, প্রলাপ বকা এবং অজ্ঞান হয়ে পড়া।

এ ভাইরাস সংক্রমণে শতকরা প্রায় ৮০ জনের মৃত্যু হতে পারে, যেখানে কাঁচা খেঁজুর রস পান থেকে বিরত থাকলে এটা পুরোপুরি প্রতিরোধ করা সম্ভব। ভাইরাস সংক্রমণের প্রায় আটদিন পর রোগের লক্ষণ প্রকাশ পায় বলে জানিয়েছেন আইইডিসিআর-এর পরিচালক।

মালয়শিয়ায় ১৯৯৮ সালে প্রথম এই ভাইরাসটির সংক্রমণের কথা জানা যায়। তবে বর্তমানে বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশে নিপা ভাইরাসে আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি।

অজ্ঞাত রোগ হিসেবে ২০০১ সালে দেশে প্রথম এই ভাইরাসের সংক্রমণ নজরে আসে। তিন বছর পরে ২০০৪ সালে যুক্তরাষ্ট্রে পরীক্ষার মাধ্যমে একে নিপা ভাইরাস বলে সনাক্ত করা হয়।

তখন থেকে এ পর্যন্ত দেশের ২১টি জেলায় নিপা ভাইরাসে আক্রান্ত ১৭৬ জনের মধ্যে ১৩৬ জনই প্রাণ হারিয়েছেন।

মেহেরপুর, নওগাঁ, রাজবাড়ী, টাঙ্গাইল, ফরিদপুর, মানিকগঞ্জ, কুষ্টিয়া, এবং ঠাকুরগাঁসহ উত্তর ও মধ্যাঞ্চলের এলাকায় নিপা ভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি।

এটি কেন নির্দিষ্ট কিছু এলাকায় সংক্রমিত হয় এবং কেন নতুন জায়গায় ছড়ায় সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে যেসব এলাকায় খেঁজুর গাছ রয়েছে কেবল সেসব এলাকাতেই এর সংক্রমণ হয়।

ইনফ্রারেড ক্যামেরা ব্যবহার করে এ বিষয়ে একটি গবেষণা করেছে আইসিডিডিআরবি। তারা বলছে, বাদুরের খাওয়া ফল রসের হাঁড়িতে পড়ে গিয়ে কিংবা রস পান করার সময় বাদুরের লালায় থাকা ভাইরাস রসে মিশে যায়। এছাড়াও, রসের পাত্রে বাদুর মলমূত্র ত্যাগ করলে তার মাধ্যমেও ভাইরাসটি ছড়াতে পারে।

নিপা ভাইরাস ৭০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নষ্ট হয়ে যায়। তাই সংগৃহীত রস জ্বাল দিয়ে পান করা হলে সংক্রমণের ঝুঁকি থাকে না।

বাংলাদেশে সংক্রমণের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম দেখেছে, এটি অত্যন্ত সংক্রামক এবং খুব কম সংস্পর্শের কারণেও এটি এক ব্যক্তি থেকে আরেকজনে ছড়াতে পারে।

রোগীর সেবা যত্নের সময় সতর্ক না থাকায় সংক্রমণ ছড়িয়ে মৃত্যুর ঘটনাও ঘটেছে। তবে সাবান দিয়ে ভালভাবে হাত ধুয়ে নিলে এবং আলাদা আলাদা খাবার গ্রহণ করলে এর সংক্রমণ ঠেকানো যায় বলে বিশেষজ্ঞরা জানিয়েছেন।