২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘নিউমোনিয়া ভ্রম, ভুল চিকিৎসা’

ব্রঙ্কিওলাইটিসের সঙ্গে নিউমোনিয়াকে গুলিয়ে ফেলে দেশে ভুল চিকিৎসা চলছে বলে দেশের একজন শীর্ষস্থানীয় শিশুরোগ বিশেষজ্ঞ দাবি করেছেন।

নুরুল ইসলাম হাসিব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jan 2013, 01:11 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

অধ্যাপক এম এস আকবর মঙ্গলবার এক কর্মশালায় বলেছেন, “আমি নিউমোনিয়ার ভুল নির্ণয় দেখেছি। এমন কি অ্যান্টিবায়োটিকেরও ভুল ব্যবহার পেয়েছি।”

ব্রঙ্কিওলাইটিসের সঙ্গে গুলিয়ে ফেলায় দেশে নিউমোনিয়া আক্রান্তের সংখ্যা বেশি বলে বলা হচ্ছে বলে জানান তিনি।

রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান এম এস আকবর দেশের একজন আইনপ্রণেতাও। তিনি মাগুরার একটি আসনে সরকারদলীয় সংসদ সদস্য।

সরকার নিয়মিত টিকাদান কর্মসূচিতে বাংলাদেশে শিশু মৃত্যুর অন্যতম কারণ নিউমোনিয়ার টিকাকে অন্তর্ভুক্তির পরিকল্পনার মধ্যেই এম এস আকবরের কাছ থেকে এই বক্তব্য এল।

সম্প্রতি স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক জানিয়েছেন, এ বছরের প্রথম তিনমাসের মধ্যে নিউমোনিয়ার টিকা দেয়া শুরুর পদক্ষেপ নেয়া হবে।

উপসর্গ এক রকম হলেও ব্রঙ্কিওলাইটিস রোগটি নিউমোনিয়ার মতো অত মারাত্মক নয়। দুই ক্ষেত্রেই রোগীর কফ হয় এবং শ্বাস নিতে সমস্যা হয়, শ্বাস নেয়ার সময় পাঁজরের নিচের মাংসপেশী ভেতরে ঢুকে যায়। সেই সঙ্গে জ্বরও থাকে।

চিকিৎসকরা বলেন, নিউমোনিয়ার চিকিৎসার জন্য অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়। কিন্তু ব্রঙ্কিওলাইটিস ভাইরাসজনিত সংক্রমণ হওয়ায় এতে অ্যান্টিবায়োটিক কাজ করে না।

মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা ও নিরাময় কেন্দ্র, বাংলাদেশ (আইসডিডিআর,বি) আয়োজিত এক কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে অধ্যাপক এম এস আকবর অ্যান্টিবায়োটিকের ‘অপ্রাসঙ্গিক’ ব্যবহার বন্ধে ঠিকঠাকভাবে রোগ নির্ণয়ের ওপর জোর দেন।

অধ্যাপক আকবরের এই বক্তব্যের বিষয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শিশুরোগ বিশেষজ্ঞ আবিদ হোসেন মোল্লা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তিনি (আকবর) ঠিক বলেছেন, তবে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এর (অ্যান্টিবায়োটিক ব্যবহার) প্রয়োজন আছে।”

তিনি বলেন, প্রত্যন্ত অঞ্চলে নিউমোনিয়া ও ব্রঙ্কিওলাইটিসের পার্থক্য নির্ণয়ের মতো বিশেষজ্ঞ ও সুযোগ সুবিধা নেই। তাই আমরা যদি অ্যান্টিবায়োটিক ব্যবহার বন্ধ করি, তাহলে নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে আরো অনেক শিশুর মৃত্যু হবে।

“সবক্ষেত্রেই অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে নিউমোনিয়া চিকিৎসাবিহীন থাকছে না, যা শিশু মৃত্যু হার কমানোর জন্য গুরুত্বপূর্ণ,” বলেন অধ্যাপক আবিদ হোসেন।

তিনি বলেন, ব্রঙ্কিউলাইটিস দুই বছরের কম বয়সী শিশুদের বেশি হয়ে থাকে। রোগটি নির্ণয়ের জন্য এক্সরের মতো পরীক্ষা-নিরীক্ষারও প্রয়োজন হয়।

“প্রত্যন্ত অঞ্চলে এই ধরনের কোনো সুবিধা নেই। আর  সীমাবদ্ধতার কথা মাথায় রেখেই নিউমোনিয়া ব্যবস্থাপনা ও নির্দেশনা তৈরি করা হয়েছে, যাতে ঠাণ্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে বিনা চিকিৎসায় কোনো শিশুর মৃত্যু না হয়।”

বাংলাদেশ জনসংখ্যা ও স্বাস্থ্য জরিপে বলা হয়েছে, বাংলাদেশে প্রতি পাঁচটি শিশু মৃত্যুর একটি নিউমোনিয়ায় হয়ে থাকে। আর এ বিষয়টিই সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্র অর্জনের চারটি লক্ষ্য পূরণে বাংলাদেশের প্রচেষ্টায় বাধা হিসেবে দেখা হচ্ছে।

২০১৫ সালের মধ্যে প্রতি হাজারে শিশু মৃত্যুর হার ৪৮ এ নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। বর্তমানে প্রতি হাজারে ৫৩ শিশু মারা  যায়।

আর ফুসফুসজনিত এসব রোগের জন্য বিশেষজ্ঞরা পুষ্টিহীনতা ও অস্বাস্থ্যকর পরিবেশকে দায়ী করছেন।

আইসিডিডিআর’বির গবেষণায় দেখা গেছে, মারাত্মক পুষ্টিহীনতা ও নিউমোনিয়ার ক্ষেত্রে যদি হাসপাতালে নেয়া সম্ভব না হয়; তবে অ্যান্টিবায়োটিক, পরিপূরক পুষ্টি, সঠিক খাবার ও বাবা-মায়ের সার্বক্ষণিক পরিচর্যার মাধ্যমে বাড়িই হাসপাতালের বিকল্প হতে পারে।