২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিউমোনিয়ার টিকা চালু করবে সরকার

নিয়মিত টিকাদান কর্মসূচিতে নিউমোনিয়ার টিকাও অন্তর্ভুক্ত করতে যাচ্ছে সরকার।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Dec 2012, 12:56 PM

Updated : 25 Apr 2022, 10:01 PM

নিয়মিত টিকাদান কর্মসূচিতে নিউমোনিয়ার টিকাও অন্তর্ভুক্ত করতে যাচ্ছে সরকার।

স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক রোববার এক সংবাদ ব্রিফিংয়ে নিউমোনিয়ার মতো ফুসফুসের সংক্রমণে শিশু মৃত্যুরোধে এ ঘোষণা দেন।

নিয়মিত টিকা দেয়ার ক্ষেত্রে সাফল্যের জন্য বাংলাদেশ ‘গ্যাভি বেস্ট পারফরমেন্স অ্যাওয়ার্ড’ পাওয়ায় এ সংবাদ ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

দ্য গ্লোবাল অ্যালায়েন্স ফর ভ্যাকসিনস অ্যান্ড ইমুনাইজেশন (গ্যাভি) ৭৪টি অংশীদার দেশের মধ্যে টিকাদান কর্মসূচিতে সবচেয়ে ভালো করায় দ্বিতীয়বারের মতো বাংলাদেশকে পুরস্কৃত করলো। বাংলাদেশকে টিকা কর্মসূচির জন্য প্রয়োজনীয় ৪ কোটি ৫০ লাখ ডলারের প্রায় অর্ধেকের যোগান দেয় সংস্থাটি।

গত ৬ ডিসেম্বর তানজানিয়ায় গ্যাভি অংশীদারদের বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী এই পুরস্কারটি গ্রহণ করেন।

গ্যাভি নিউমোনিয়ার টিকা চালুর জন্য সহায়তা করেছে উল্লেখ করে মন্ত্রী জানান, ২০১৩ সালের প্রথম প্রান্তিকের মধ্যেই এ টিকা চালু করা হতে পারে।

শিশু চিকিৎসকদের বিভিন্ন সংস্থা দীর্ঘদিন ধরে নিউমোনিয়ার টিকা চালুর দাবি করে আসছিলেন। বাংলাদেশের পাঁচ বছরের নিচে শিশুমৃত্যুর এক-পঞ্চমাংশের কারণ নিউমোনিয়া।

তারা যুক্তি দেখান, এ টিকা চালু না হলে ২০১৫ সালের মধ্যে জন্ম নেয়া প্রতি হাজার শিশুর মধ্যে মৃত্যুর ঘটনা ৫৩ থেকে ৪৮টিতে নামিয়ে আনার মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল-৪ এর লক্ষ্য বাধাগ্রস্ত হবে।

মন্ত্রী জানান, নিউমোনিয়ার টিকা ছাড়াও সরকার রোটা ভাইরাস এ জরায়ুর ক্যান্সার প্রতিরোধেও টিকা চালুর পরিকল্পনা করছে।

সম্প্রসারিত চিকাদান কর্মসূচি (ইপিআই) জানায়, ২০১১ সালে প্রথম জন্মবার্ষিকীর আগেই ৮০ শতাংশ শিশুকে সব ডোজসহ পুরোপুরি টিকা দেয়া হয়।

ইপিআইয়ের পরিচালক ড. সাইদ আবু জাফর মো. মুসা বলেন, “এক ডোজ টিকা পেয়েছে এমন শিশুদের ধরা হলে ৯৫ শতাংশ শিশুই টিকা পেয়েছে।”

২০১৬ সালের মধ্যে ৯০ শতাংশ শিশুকেই পুরোপুরি টিকার দেয়ার কৌশল নেয়া হচ্ছে বলে তিনি জানান।

“আমরা ১৩টি জেলা চিহ্নিত করেছি যেখানে টিকা দেয়ার হার জাতীয় পর্যায়ের গড়ের চেয়ে কম। আমরা লোকবল ও প্রশিক্ষণের মাধ্যমে আমাদের চেষ্টা জোরদার করছি”।

সরকার ১৯৭৯ সালে শিশু মৃত্যুর হার কমানোর জন্য যক্ষা, পোলিও, ডিপথেরিয়া, হুপিং কাশি, টিটেনাস ও হাম এই ছয়টি রোগের জন্য টিকাদান কার্যক্রম শুরু করে।

সম্প্রতি এ কর্মসূচিতে হেপাটাইসিস বি, হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা টাইপ বি (এইচআইবি) এবং রুবেলা টিকা যোগ করা হয়।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব মো. হুমায়ূন কবির জানান, গ্যাভি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার সুপরিশ ছাড়াও কারিগরি কমিটির সিদ্ধান্তও নতুন টিকা চালু করার আগে বিবেচনায় আনা হবে।

“আমাদের তা প্রয়োজন আছে কি না এবং এর সামর্থ আছে কিনা -এ দুটি দিক বিবেচনায় আনা হবে।”

টিকাদান কর্মসূচিতে সাফল্যের জন্য ২০০৯ সালেও বাংলাদেশ গ্যাভি পুরস্কার পায়।