লন্ডন, জুলাই ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) - বাংলাদেশের ডায়াবেটিস রোগীদের রক্ত পরীক্ষার জন্য ভ্রাম্যমাণ একটি ডায়োবেটিস ইউনিট দেওয়ার ঘোষণা দিয়েছেন ব্রিটিশ এমপি ও সাবেক মন্ত্রী কিথ ভাজ।
মঙ্গলবার লন্ডনে বাঙালি ব্যবসায়ী আমিন আলীর রেডফোর্ট রেস্তোরাঁয় পার্লামেন্টে কিথ ভাজের ২৫ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি। অনুষ্ঠানে সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সাবেক ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড মিলিব্যান্ড, স্বরাষ্ট্রমন্ত্রী টেরেসা মে ও এমপি রুশনারা আলী উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ এই আধুনিক ভ্যানে ডায়াবেটিস রোগীদের রক্ত পরীক্ষার সব সরঞ্জাম রয়েছে।
ব্রিটেনের ডায়াবেটিস রোগীদের সহায়তা করার জন্য কিথ ২০০৭ সালে সিলভার স্টার নামের একটি দাতব্য সংস্থা প্রতিষ্ঠা করেন। সিলভার স্টারের তিনটি ভ্রাম্যমাণ ডায়াবেটিস ইউনিট ব্রিটেনের বিভিন্ন শহরে বিনামূল্যে ডায়াবেটিস রোগীদের রক্ত পরীক্ষা করে ও পরামর্শ দেয়। এ ছাড়া ভারতের গোয়া ও মুম্বাইয়ে দুটি ভ্যান এ ধরনের সেবা দিচ্ছে।
কিথ ভাজ বলেন, বাংলাদেশের গরীব মানুষদের মধ্যে ডায়াবেটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধি ও রক্ত পরীক্ষার জন্য এই ভ্যান দেওয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি কিথ ভাজকে বাংলাদেশের ও ব্রিটেনে বসবাসরত বাংলাদেশিদের এক জন অকৃত্রিম বন্ধু হিসেবে আখ্যা দেন।
টনি ব্লেয়ার ২৫ বছর ধরে এমপি হিসেবে দায়িত্ব পালন করায় কিথ ভাজকে অভিনন্দন জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউ/১০৫১ ঘ.
bdnews24