গোপালগঞ্জ, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারি ওষুধ পাচারের সময় গোপালগঞ্জের কোটালীপাড়ায় স্থানীয় একটি কমিউনিটি ক্লিনিকের এক স্বাস্থ্য সহকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ছায়া রানী হালদার ভুতুরিয়া কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্য সহকারী। তিনি উপজেলার ছিটকীবাড়ী গ্রামের পরেশ চন্দ্র বারুরীর স্ত্রী।
মঙ্গলবার ওই ক্লিনিক থেকে দুটি বস্তায় ভরে ওষুধ পাচারের সময় স্থানীয়রা তাকে ওষুধসহ আটক করে পুলিশে সোপর্দ করে।
কোটালীপাড়া থানার এসআই সুমন ভক্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার সকালে ছায়া রানী প্যারাসিটামল, এন্টাসিড, মেট্রোনিডাজল, স্যালাইন, ক্লোফেনাক, জিংক ও এমোক্সাসিলিনসহ বিভিন্ন ধরনের সরকারি ওষুধ দুটি বস্তায় ভরে ক্লিনিক থেকে ভ্যানগাড়িতে করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাকে আটক করে।
এ ব্যাপারে কোটালীপাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান এই পুলিশ কর্মকর্তা।
কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডা. যদুনাথ মজুমদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, উদ্ধার করা ওষুধের আনুমানিক মূল্য ২০ হাজার টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ
bdnews24