২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বারডেমের মানের হাসপাতাল চট্টগ্রামেও করার ঘোষণা

চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালকে রাজধানীর বারডেম’র সমমানের হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jul 2012, 03:35 PM

Updated : 24 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম ডায়াবেটিক জেনারেল হাসপাতালকে রাজধানীর বারডেম’র সমমানের হাসপাতাল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা চলছে বলে চট্টগ্রাম ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক জাহাঙ্গীর আলম জানিয়েছেন। তিনি মঙ্গলবার নগরীর জাকির হোসেন রোডে হাসপাতাল ভবনের সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এ কথা জানান। অধ্যাপক জাহাঙ্গীর বলেন, “এই অঞ্চলে ডায়াবেটিক রোগী বৃদ্ধির বিষয়টি সামনে রেখে আগামী দিনে এই হাসপাতালকে ৫০০ শয্যার একটি পূর্ণাঙ্গ ডায়াবেটিক জেনারেল হাসপাতাল হিসাবে গড়ে তোলা হবে।” বর্তমানে ৫০ শয্যার এই হাসপাতালে ডায়াবেটিক রোগীদের পাশাপাশি অন্য রোগীদেরও চিকিৎসা দেওয়া হচ্ছে। পাশাপাশি একটি নার্সিং ইনস্টিটিউট ও একটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার কাজও শুরু হয়েছে বলে জানান ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক। চট্টগ্রামের এই হাসপাতালে ওষুধ ও সরঞ্জাম কেনায় দুর্নীতির অভিযোগ উঠেছিল। এ বিষয়ে জাহাঙ্গীর চৌধুরী বলেন, “হাসপাতালের যাবতীয় ক্রয় কাজ স্বচ্ছতার ভিত্তিতে হচ্ছে, আর সরঞ্জাম ক্রয় হচ্ছে ধনাঢ্য ব্যক্তিদের দানের টাকায়। দাতারা নিজেরাই এসব সরঞ্জাম কিনে দিচ্ছেন, ফলে দুর্নীতির কোন প্রশ্নই উঠে না।” “ডায়াবেটিক সমিতির নির্বাচনে যারা পরাজিত হয়েছিলেন তারা আগামী নির্বাচনকে সামনে রেখে সমিতির সদস্য ও এই অঞ্চলের মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়াতেই এসব অপপ্রচার চালাচ্ছে,” বলেন তিনি। মতনিবিময় সভায় সমিতির সভাপতি ডা. ছৈয়দুর রহমান চৌধুরী, সহ সভাপতি এস এম শওকত হোসেন, শেখ মোহাম্মদ জাহাঙ্গীর, কোষাধ্যক্ষ মোহাম্মদ শাহাবুদ্দিন, সদস্য এ এস এম জাফর, ডা. মুহাম্মদ আবুল কালাম, ডা. নওশাদ আহমেদ খান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমআই/২১৩০ ঘ.