২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিজ্ঞাপনে বিভ্রান্তিকর তথ্য দেওয়া দুর্নীতি’

বিজ্ঞাপনে ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য দেওয়াকে ‘দুর্নীতি’ হিসাবে আখ্যায়িত করে তা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2012, 10:35 AM

Updated : 24 Aug 2022, 11:26 AM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিজ্ঞাপনে ভুল কিংবা বিভ্রান্তিকর তথ্য দেওয়াকে ‘দুর্নীতি’ হিসাবে আখ্যায়িত করে তা প্রতিরোধের আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। রোববার সকালে ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালের ড. মিলন মিলনায়তনে ‘স্বাস্থ্য খাতে সুশাসন-চাই কার্যকর দুর্নীতি প্রতিরোধ’ শীর্ষ বিতর্ক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। এর আগে ঢাকা মেডিকেল কলেজের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. আবু ইউসুফ ফকির তার বক্তব্যে বলেন, “টেলিভিশনে একটি চুইংগামের বিজ্ঞাপনে দেখা যায় বাচ্চাটি যতক্ষন চুইংগাম খাচ্ছে ততক্ষন সে গল্প বলছে। আর চুইংগাম ফুরিয়ে গেলেই তার গল্পও ফুরিয়ে যাচ্ছে। এটি সহ এ রকম আরো অনেক বিজ্ঞাপন বাচ্চাদের কাছে ভুল তথ্য উপস্থাপন করে, তাদের স্বাস্থ্যঝুঁকির মধ্যে ফেলে।” এর পরিপ্রেক্ষিতে ইফতেখারুজ্জামান বিজ্ঞাপনে ভুল তথ্য দেওয়াকে ‘দুর্নীতি’ হিসাবে আখ্যায়িত করে বলেন, “বিজ্ঞাপনের মধ্যে মিথ্যার আশ্রয়, প্রতারণার আশ্রয় নেওয়া অবশ্যই নিন্দনীয়। এটাকে অবশ্যই প্রতিরোধ করতে হবে।” এছাড়া তিনি হাসপাতালগুলোতে সাধারণ রোগীদের তথ্যপ্রাপ্তি নিশ্চিত করতে কর্তৃপক্ষের প্রতি আরো যতœশীল হওয়ার আহ্বান জানিয়ে বলেন, “তথ্য বিভ্রান্তি অনেক দুর্নীতির সুযোগ করে দেয়। এ কারণে সাধারণ রোগী যেমন প্রতারিত হয় তেমনি ডাক্তার ও কর্মচারিদের মধ্যেও বিড়ম্বনার সৃষ্টি হয়।” দুর্নীতি থাকলে স্বাস্থ্যখাতে কাঙ্খিত সাফল্য অর্জন সম্ভব হবে না বলে মন্তব্য করেন ঢাকা মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ড. ইসমাইল খান। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ডা. আবু ইউসুফ ফকির বলেন, “অনেক ক্ষেত্রে আমরা চিকিৎসকরা রোগীকে ভুল পথে পরিচালিত করি। যেমন অপারেশন না লাগলেও ভয় দেখিয়ে রোগীকে তা করাতে বাধ্য করা।” চিকিৎসকের নৈতিকতা ও বিবেকবোধ জাগ্রত না হলে এ ধরনের দুর্নীতি রোধ করা সম্ভব নয় বলে মত দেন তিনি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ ড. কাজি দীন মোহাম্মদ, পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুস্তাফিজুর রহমান ও স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম আহ্বায়ক ড. হাসানুর রহমান। ঢাকা মেডিকেল কলেজ ডিবেটিং সোসাইটির (ডিএমসিডিএস) আয়োজনে এবং টিআইবির সহযোগিতায় এই বিতর্ক প্রতিযোগিতায় আন্তঃক্লাব বাংলা, ইংরেজি এবং মেডিকেল এই তিন বিভাগে বিজয়ীরা হলেন যথাক্রমে ইনডেপিন্ডেন্ট ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিতর্ক ক্লাব গ্র“প অব ডিবেটরস এবং ডিএমসিডিএস । বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৬৩০ ঘ.