নুরুল ইসলাম হাসিব
জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, মে ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তামাকসেবীর সংখ্যা কমাতে আগামী বাজেটে তামাকজাত পণ্যের ওপর কর বাড়ানোর সুপারিশ করেছেন বিশেষজ্ঞরা।
পাশাপাশি খসড়া তামাকবিরোধী আইন অনুমোদনেও সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে দেশে শতকরা ৪৩ দশমিক ৩ ভাগ প্রাপ্তবয়স্ক ব্যক্তি তামাক সেবন করে। তামাকজনিত রোগে তাদের চিকিৎসার ব্যয় এ খাত থেকে প্রতিবছর সরকারের আদায় করা রাজস্বের দ্বিগুণ।
জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য অনুযায়ী, গত অর্থবছরে তামাক শিল্প থেকে ৭ হাজার ৩৩০ টাকার রাজস্ব সরকারি কোষাগারে জমা হয়েছে, যা মোট আদায় করা করের শতকরা ১১ ভাগ।
রাজধানীতে পরোক্ষ ধূমপান বিষয়ে ঢাকা আহছানিয়া মিশন আয়োজিত এক আলোচনা সভায় সংগঠনের সভাপতি কাজী রফিকুল আলম মাদক নিয়ন্ত্রণ বিষয়ে ডব্লিউএইচও রূপরেখার অনুসরণে তামাক নিয়ন্ত্রণ আইন চূড়ান্ত করার জন্য সরকারের প্রতি অনুরোধ জানান।
ওই সভায় অংশ নেওয়া ক্যাম্পেইন ফর টোবাকো ফ্রি কিড্স ইন বাংলাদেশের সমন্বয়ক তাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গত দশকে তামাক দ্রব্যের ওপর করের হার প্রায় অপরিবর্তনীয় ছিল। বিশেষত, বিড়ি সবচেয়ে সস্তা দ্রব্য হিসেবেই রয়ে গেছে।”
তামাকবিরোধী কর্মীরা বলছেন, স্বল্প করের সস্তা তামাকদ্রব্য যুবসমাজকে এই অভ্যাসের প্রতি আকৃষ্ট করতে ও তা অব্যাহত রাখতে সহায়তা করবে তা জেনেই তামাক শিল্প প্রতিবছর কর না বাড়ানোর জন্য দেন-দরবার করে।
অন্য অনেক দেশের মত বাংলাদেশেও একটি ‘শক্তিশালী’ তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকর করার ক্ষেত্রে অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপত্তির বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এক প্রতিবেদনে প্রকাশ্য হয়েছে।
তাইফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সব ধরনের তামাক দ্রব্যের ওপর ৭০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করা হলে প্রথম বছরেই সরকার ১ হাজার ৫৪০ কোটি টাকা রাজস্ব আদায় করবে। অন্যদিকে, সিগারেট ও বিড়ি ব্যবহারের হার যথাক্রমে ৬ দশমিক ২৫ ও ২৫ শতাংশ কমবে।”
তার যুক্তি, যেহেতু কর বৃদ্ধির অনুপাতে তামাক ব্যবহার কমবে না, তাই সরকারের সরকারের রাজস্ব আয় ব্যয় বেড়ে যাবে।
“কিন্তু সরকার কখনোই সম্পূরক শুল্ক উল্লেখযোগ্য হারে বাড়ায়নি। তারা শুধু বিভিন্ন স্ল্যাবে দাম বাড়িয়েছে। এতে কোম্পানিগুলো লাভবান হয়েছে, সরকার নয়,” বলেন তাইফুর।
সিগারেটের দামের স্ল্যাব তুলে দেওয়ার দাবিও জানান তিনি।
বর্তমানে সিগারেটের ওপর চার স্তরে ৩৬ থেকে ৬০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপিত আছে। এই হার বিড়ির ওপর মাত্র ২০ শতাংশ। আর জর্দা ও গুলের মত ধোঁয়াহীন তামাকের ক্ষেত্রে তা ৩০ শতাংশ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে, বাংলাদেশে ধোঁয়াহীন তামাকের ব্যবহারও ব্যাপক বিস্তৃত।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচএএইচ/এমআই/২২৫৫ ঘ.
bdnews24