২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বছরে ২০ লাখ মানুষের ক্যান্সারের জন্য দায়ী সংক্রমণ

চিকিৎসাযোগ্য বা নিরাময়যোগ্য সংক্রমণের কারণে বিশ্বে প্রতি ছয় জনে একজন ক্যান্সার আক্রান্ত হয় বলে একটি সমীক্ষায় দেখা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 May 2012, 10:29 AM

Updated : 24 Aug 2022, 11:19 AM

ঢাকা, মে ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চিকিৎসাযোগ্য বা নিরাময়যোগ্য সংক্রমণের কারণে বিশ্বে প্রতি ছয় জনে একজন ক্যান্সার আক্রান্ত হয় বলে একটি সমীক্ষায় দেখা গেছে। সম্প্রতি ফ্রান্সের ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সারের একটি দল ‘ল্যানসেট ইনফেকশাস ডিজিজেস’ শিরোনামে এক সমীক্ষায় এ তথ্য পেয়েছে। তারা বলেছে, এভাবে সংক্রমণের মাধ্যমে বছরে ২০ লাখ মানুষের ক্যান্সার হয়। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়, এ সমীক্ষায় বিশ্বের ১৮৪টি দেশের ২৭ ধরনের ক্যান্সারের ওপর পর্যালোচনা করে দেখা যায়, মূলত চার ধরনের সংক্রমণ থেকে এসব ক্যান্সার হয়। এগুলো হলো, প্যাপিলোমাভাইরাস (এইচপিভি), হেলিকোব্যাকটার পাইলোরি (এইচ পাইলোরি) এবং হেপাটাইটিস বি ও সি। এর মধ্যে হেপাটাইটিস বি ও সির জন্যই বছরে ১৯ লাখ মানুষের গর্ভাশয়, অন্ত্র ও যকৃতের ক্যান্সার হয়। সমীক্ষায় দেখা যায়, সংক্রমণ থেকে ক্যান্সার হওয়ার ঝুঁকি উন্নত দেশের চেয়ে পূর্ব এশিয়ার মতো উন্নয়নশীল দেশগুলোতে তিনগুন বেশি। পূর্ব এশিয়ায় এ ঝুঁকি যেখানে ৭ দশমিক ৪ শতাংশ সেখানে যুক্তরাজ্যে এ ঝুঁকি ২২ দশমিক ৯ শতাংশ। এভাবে ক্যান্সার আক্রান্তদের মধ্যে এক তৃতীয়াংশের বয়স ৫০ বছরের নিচে। গবেষণায় নেতৃত্বদানকারী ড. ক্যাথরিন দো মার্টেল ও ড. মার্টিন প্লামার বলেন, “বিশেষ কিছু ভাইরাস, ব্যাকটেরিয়া ও পরজীবী সংক্রমণে বিশ্বে সবচেয়ে বেশি ক্যান্সার হয় এবং এগুলো নিরাময়যোগ্য।” টিকা, ইনজেকশন বা জীবাণুনাশক চিকিৎসার মাধ্যমে এ ধরনের সংক্রমণ থেকে ক্যান্সার রোধ করা যায় বলে তারা মনে করেন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলেন, গর্ভাশয় ক্যান্সারের জন্য দায়ী এইচপিভি ভাইরাস এবং যকৃত ক্যান্সারের জন্য দায়ী হেপাটাইটিস বি ভাইরাস প্রতিরোধক টিকা এখন অনেক সহজলভ্য। আর অ্যান্টিবায়োটিকের মাধ্যমে অন্ত্রে এইচ. পাইলোরির সংক্রমণ দূর করে পাকস্থলীর ক্যান্সার রোধ করা সম্ভব বলে তারা মন্তব্য করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এফএফ/এএইচ/১৬১৯ ঘ.