২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডায়রিয়ার কারণ সনাক্তে নমুনা সংগ্রহ

ঢাকার যে স্থানগুলোতে ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা বাড়ছে, সে ধরনের চারটি এলাকা থেকে খাবার পানির নমুনা সংগ্রহ করেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Apr 2012, 02:00 PM

Updated : 24 Aug 2022, 11:06 AM

ঢাকা, এপ্রিল ০৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার যে স্থানগুলোতে ডায়রিয়ার আক্রান্তের সংখ্যা বাড়ছে, সে ধরনের চারটি এলাকা থেকে খাবার পানির নমুনা সংগ্রহ করেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। ইনস্টিটিউটের পরিচালক এ বি এম আব্দুল হান্নান মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, যাত্রাবাড়ী, গুলশান, বাড্ডা ও তেজগাঁও থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে। পানিবাহিত এই রোগের সংক্রমণ এই এলাকাগুলোতেই বেশি ঘটছে। পরীক্ষার ফলাফল কবে নাগাদ পাওয়া যাবে, জানতে চাওয়া হলে তিনি বলেন, “এ জন্য সময় লাগবে।” বিশুদ্ধ পানির অভাব এবং স্বাস্থ্যবিধি সঠিকভাবে মেনে না চলায় ডায়রিয়া দেশের সাধারণ একটি চিত্র। প্রতিবছরই গ্রীষ্মের শুরুতে এর প্রকোপ দেখা দেয়। মহাখালীর আন্তর্জাতিক উদরাময় গবেষণা ইনস্টিটিউট- আইসিডিডিআর,বি’র তথ্য অনুযায়ী, গত ২ এপ্রিল তারা ৮৬৩ জনকে চিকিৎসা দেন, যা এই বছরের সর্বোচ্চ। গরমে পানি সঙ্কটের কারণে এই রোগের প্রাদুর্ভাব দেখা দেয়, বলেন আইসিডিডিআর,বি’র গবেষক ডা. আজহারুল ইসলাম। এই বছরে রোগীর সংখ্যা গত বছরের তুলনায় কম বলে জানান তিনি। এই জন্য অনিয়মিত বৃষ্টিপাতকে কারণ হিসেবে দেখিয়েছেন তিনি। ডায়রিয়া প্রতিরোধে পানি ফুটিয়ে পান করার পরামর্শ দিয়েছেন ডা. আজহার। রাস্তার ধারের খাবার না খাওয়ার পরামর্শও দিয়েছেন তিনি। স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০০৫ থেকে ২০১১ সাল পর্যন্ত দেশে ১৬০ কোটি মানুষ ডায়রিয়ায় আক্রান্ত হয়েছে, এর মধ্যে মারা গেছে ২ হাজার ৮৭৩ জন। অধিদপ্তরের নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা ডা. আয়েশা আক্তার জানান, গত ১ জানুয়ারি থেকে ২ এপ্রিল পর্যন্ত তারা ৬৮ হাজার ৬৩৬ জন ডায়রিয়া রোগী সনাক্ত করেছেন তারা। এর মধ্যে মারা গেছে তিন জন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/১৯৫৫ ঘ.