২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কিডনি দানে উৎসাহিত করার আহ্বান

বাংলাদেশে প্রতিবছর গড়ে ১৩০ জন কিডনি রোগী তাদের আত্মীয়দের কাছ থেকে প্রতিস্থাপনের জন্য কিডনি নিতে পারেন, অথচ বছরে চাহিদা রয়েছে প্রায় পাঁচ হাজার। এ কারণে কিডনি দানে মানুষকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 11:28 AM

Updated : 24 Aug 2022, 10:56 AM

নুরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জেষ্ঠ প্রতিবেদক ঢাকা. মার্চ ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে প্রতিবছর গড়ে ১৩০ জন কিডনি রোগী তাদের আত্মীয়দের কাছ থেকে প্রতিস্থাপনের জন্য কিডনি নিতে পারেন, অথচ বছরে চাহিদা রয়েছে প্রায় পাঁচ হাজার। এ কারণে কিডনি দানে মানুষকে উৎসাহিত করার আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশের অঙ্গ সংযোজন আইন ১৯৯৯ অনুযায়ী, একজন রোগী কেবল তার স্বামী-স্ত্রী, বাবা-মা, ভাই-বোন, মামা-খালা বা চাচা-ফুপুর কাছ থেকেই কিডনি নিতে পারেন, অন্য কারো কাছ থেকে নয়। এছাড়া অভিভাবকের অনুমতি সাপেক্ষে মৃত ব্যক্তির কাছ থেকেও কিডনি নেওয়া যায়। আর কৃত্রিম উপায়ে (লাইফ সাপোর্ট) বাঁচিয়ে রাখা রোগীদের (ব্রেইন ডেথ) কাছ থেকে ঘনিষ্ঠ আত্মীয়দের অনুমতিতে কিডনি নেওয়া যায়। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই চাহিদা অনুযায়ী রক্তের সম্পর্কের আত্মীয়দের কাছ থেকে কিডনি পাওয়া যায় না। মৃত ব্যক্তি বা ‘ব্রেইন ডেথ’ ব্যক্তির কাছ থেকে কিডনি নেওয়ার অনুমতি মেলে না। এ কারণেই কিডনি দানে মানুষকে সচেতন ও উৎসাহিত করার জন্য সরকারকে উদ্যোগী হতে বলছেন বিশেষজ্ঞরা। বাংলাদেশ রেনাল ট্রান্সপ্ল্যান্ট অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক হারুন-অর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা এ ক্ষেত্রে সরকারকে কোনো উদ্যোগ নিতে দেখিনি।” দেশে কিডনি রোগীর সংখ্যা যে হারে বাড়ছে, তাতে আগামী দিনগুলোতে আরো অনেক বেশি মানুষের কিডনি প্রতিস্থাপনের প্রয়োজন হবে বলে তিনি মনে করেন। এই পরিস্থিতির মধ্যেই বৃহস্পতিবার বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও বিশ্ব কিডনি দিবস পালিত হচ্ছে। দিবসটির এবারের প্রতিপাদ্য ‘জীবনের জন্য কিডনি দান করুন’। অধ্যাপক হারুন বলেন, “কিডনি দানে সবচে বড় সমস্যা হলো- এর প্রক্রিয়া নিয়ে সচেতনতার অভাব।” বাংলাদেশে প্রতিবছর কিডনির বিভিন্ন রোগে ভোগে প্রায় দুই কোটি মানুষ। এদের মধ্যে কিডনি বিকল হয়ে মারা যায় ৩৫ হাজার। “বর্তমানে দেশে যারা কিডনি রোগে ভুগছেন, তাদের মধ্যে কেবল ১০ হাজারের ডায়ালাইসিস করার সামর্থ্য আছে। নিয়মিত ডায়ালাইসেসর যন্ত্রণা থেকে মুক্তি পেতে এদের মধ্যে প্রায় পাঁচ হাজার রোগী কিডনি সংযোজন করতে চান”, বলেন অধ্যাপক হারুন। তিনি জানান, ১৯৮২ সালে বাংলাদেশে কিডনি সংযোজন চালু হওয়ার পর থেকে প্রায় এক হাজার রোগীর কিডনি প্রতিস্থাপন সম্ভব হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, আইন সংশোধন করে রক্তের সম্পর্কের আত্মীয় ছাড়াও অন্যদের কাছ থেকেও কিডনি নেওয়ার সুযোগ দেওয়া হলে বহু মানুষ স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন। সারা দেশে কিডনি দানের বিষয়টি দেখভাল করার জন্য একটি নিয়ন্ত্রক কর্তৃপক্ষ গঠনেরও সুপারিশ করেছেন তারা। অধ্যাপক হারুন বলেন, “নিবিঢ় পরিচর্যা কেন্দ্র সুবিধা আছে এমন সব হাসপাতালে চিঠি লিখে একটি ব্রেইন ডেথ কমিটি গঠন করতে বলতে পারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়। এ কমিটির প্রধান হবেন একজন øায়ু রোগ বিশেষজ্ঞ। আর বেঁচে ওঠার সম্ভবনা নেই- এমন রোগীর আত্মীয়কে বুঝিয়ে এই কমিটি কিডনি সংগ্রহ করতে পারে।” কিডনি প্রতিস্থাপনের বিষয়টি দেখভালের জন্য সরকার পরিচালিত একটি কেন্দ্রীয় পর্যবেক্ষক সংস্থাও থাকা দরকার বলে তিনি মনে করেন। দুই সন্তানের মা ফেরদৌসি বেগমের সপ্তাহে তিনদিন কিডনি ডায়ালাইসিস করাতে হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি জানান, তার দুর্ভাগ্যের কথা। আইন অনুযায়ী যারা তাকে কিডনি দান করতে পারতেন তাদের সঙ্গে তার কিডনি মিলছে না। কিডনি বিশেষজ্ঞ অধ্যাপক এস এ খান বলেন, তার বেসরকারি হাসপাতালে কমপক্ষে ১০ জন রোগীর কিডনি প্রতিস্থাপনের সামর্থ্য রয়েছে, কিন্তু তারা কিডনি পাচ্ছেন না। “হাসপাতালের আইসিইউতে অনেক দুর্ঘটনার রোগী লাইফ সাপোর্ট দিয়ে বাঁচিয়ে রাখা হয়। অনেকদিন লাইফ সার্পোটে থাকার পর তারা মারা যান। কিন্তু যদি তাদের আর বেঁচে ওঠার আশা না থাকে, তাদের অঙ্গ আমরা সংগ্রহ করতে পারি।” কিডনির রোগ থেকে বাঁচতে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের রোগীদের বছরে কমপক্ষে দুইবার রক্ত ও প্রস্রাব পরীক্ষা করাতে পরামর্শ দেন তিনি। বিশেষজ্ঞরা বলছেন, আগেভাগে সনাক্ত করা গেলে ৫০ শতাংশ ক্ষেত্রে কিডনি পুরোপুরি নষ্ট হয়ে যাওয়া ঠেকানো যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এসইউ/১৭২৫ ঘ.