ঢাকা, অক্টোবর ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- টমেটোতে উজ্জ্বল লাল রঙের লিকোপেন নামের একটি উপাদান আছে যা স্ট্রোকের ঝুঁকি কমায় বলে দাবি করেছেন ফিনল্যান্ডের একদল গবেষক।
টমেটো, গোল মরিচ ও তরমুজে পাওয়া লিকোপেনের প্রভাব নিয়ে গবেষণায় এ তথ্য পেয়েছেন তারা।
১ হাজার ৩১ জন মানুষের ওপর পরিচালিত গবেষণায় দেখা গেছে, যাদের রক্তপ্রবাহে লিকোপেনের মাত্রা বেশি তাদের স্ট্রোকের ঝুঁকি অনেক কম।
গবেষকরা বলছেন, লিকোপেনযুক্ত খাবার খেলে স্ট্রোকের ঝুঁকি ৫৫ শতাংশ কমে যায়। আর এ কারণেই টমেটো সমৃদ্ধ খাবার স্ট্রোক প্রতিরোধক হিসাবে কাজ করতে পারে।
রক্তে লিকোপেনের মাত্রা অনুযায়ী মানুষদেরকে ৪ টি গ্র“পে ভাগ করে পরীক্ষা চালিয়েছেন গবেষকরা। এতে দেখা গেছে, রক্তে লিকোপেনের মাত্রা কম এমন ২৫৮ জনের মধ্যে ২৫ জনই স্ট্রোক আক্রান্ত হয়েছে।
অন্যদিকে, রক্তে লিকোপেনের মাত্রা বেশি এমন ২৫৯ জনের মধ্যে মাত্র ১১ জন স্ট্রোক আক্রান্ত হয়েছে।
তবে লিকোপেন কেন স্ট্রোকের ঝুঁকি কমাতে সহায়ক এ বিষয়ে আরো গবেষণার প্রয়োজন বলে জানিয়েছে যুক্তরাজ্যের স্ট্রোক অ্যাসোসিয়েশন।
যুক্তরাষ্ট্রের ‘নিওরলজি’ নামক সাময়িকীতে গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/বিসিএস/এলকিউ/২২০২ঘ.
bdnews24