ঢাকা, জানুয়ারি ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উষ্ণমণ্ডলীয় অঞ্চল থেকে ১০টি ‘উপেক্ষিত’ রোগ চলতি দশকের শেষ নাগাদ নিমূর্ল বা নিয়ন্ত্রণের লক্ষ্যে নতুন একটি সমন্বিত উদ্যোগের ঘোষণা এসেছে।
যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বিল-মেলিন্ডা গেটস ফাউন্ডেশন, ওষুধ প্রস্তুতকারক কোম্পানি ও বিশ্ব ব্যাংকসহ অন্যান্য বৈশ্বিক স্বাস্থ্য বিষয়ক বেশ কয়েকটি প্রতিষ্ঠান সোমবার লন্ডনে রয়াল কলেজ অব ফিজিশিয়ান্সে এক অনুষ্ঠানে এ ঘোষণা দেয় বলে গ্লোবাল হেলথ স্ট্র্যাটেজির এক বিজ্ঞপ্তিতে বলা হয়।
বিশ্বব্যাপী এ ধরনের ‘অবহেলিত’ রোগে আক্রান্ত এক হাজার চারশ কোটি মানুষের জীবনে এ উদ্যোগ ইতিবাচক প্রভাব ফেলবে।
এ কর্মসূচিতে পাঁচ বছরে গেটস ফাউন্ডেশনের পক্ষ থেকে ৩৬ কোটি ৩০ লাখ ডলার দেওয়ার ঘোষণা দেন বিল গেটস। এ অর্থ উৎপাদন ও গবেষণা- উভয় খাতে ব্যয় হবে।
বিল বলেন, “এ উদ্ভাবনী উদ্যোগটি অবশ্যই অন্যান্য বৈশ্বিক উন্নয়ন চ্যালেঞ্জ মোকাবেলায় দৃষ্টান্ত হিসেবে কাজ করবে। এর মাধ্যমে কোটি মানুষ স্বনির্ভরতা অর্জনে সহায়তা পাবে।”
যেসব রোগকে ‘অবহেলিত’ বলে বিবেচনা করা হচ্ছে তার মধ্যে বাংলাদেশে ফাইলেরিয়াসিস ও কালাজ্বরের প্রাদুর্ভাব রয়েছে।
‘অবহেলিত’ নানা রোগ মোকাবেলায় এ উদ্যোগের আওতায় ওষুধ সরবরাহে ‘বাধা’ দূর হবে। একই সঙ্গে গবেষণা ত্বরান্বিত করা ও নতুন নতুন মোকাবেলা কৌশলও উদ্ভাবন দ্রুততর হবে।
অর্থায়নের নতুন ঘোষণা বাংলাদেশের মতো দেশগুলোকে এ ধরনের রোগ মোকাবেলায় সক্ষম করে তুলবে।
সমন্বিত এ উদ্যোগ ঘোষণার সময় বাংলাদেশের স্বাস্থ্যমন্ত্রী আফম রুহুল হকও উপস্থিত ছিলেন।
তিনি বলেন, “উপেক্ষিত রোগ নির্মূলের লক্ষ্য অর্জনে বাংলাদেশ তার পূর্ণ ভূমিকা রাখতে অঙ্গীকারবদ্ধ।”
অনুষ্ঠানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক মার্গারেট চান এবং ১৩টি ফার্মাসিউটিক্যালস কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তাসহ বিভিন্ন দেশের সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/০১৪৩ ঘ.
bdnews24