২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য সচিবকে আদালতে তলব

আদালত অবমাননার অভিযোগে স্বাস্থ্য সচিব মো. হুমায়ুন কবিরকে তলব করেছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 02:23 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঢাকা, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে স্বাস্থ্য সচিব মো. হুমায়ুন কবিরকে তলব করেছে হাইকোর্ট। একটি আবেদনে মঙ্গলবার বিচারপতি আশফাকুল ইসলাম ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের বেঞ্চ ২৫ জানুয়ারি সকাল সাড়ে ১০টায় সশরীরে তাকে আদালতে হাজির থাকতে বলেছে। আদালত অবমাননার অভিযোগে তার বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, হাজির হয়ে তার ব্যাখ্যা দিতে হবে সচিবকে। গত রোববার আমান উল্লাহসহ পরিবার পরিকল্পনা অধিদপ্তরে কর্মরত চার স্বাস্থ্য কর্মকর্তা (ক্যাডার) এই আবেদনটি দাখিল করেন। তাদের পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট সালাহ উদ্দিন দোলন। আইনজীবী দোলন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, ২০০৯ সালের ১২ ডিসেম্বর হাইকোর্ট এক আদেশে ১৯৮৫ সালে নিয়োগ পাওয়া থানা ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের মধ্যে যোগ্যদের ১৯৯৫ সাল থেকে জ্যেষ্ঠতা দিয়ে ক্যাডারে অন্তর্ভুক্তির নির্দেশ দেয়। ওই আদেশ অনুযায়ী ৩৪ জন কর্মকর্তাকে যোগ্য পাওয়া গেছে উল্লেখ করে তাদেরকে নিয়োগ দিতে গত ২০১০ সালের ২২ ফেব্র“য়ারি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালক স্বাস্থ্য সচিবের কাছে সুপারিশ পাঠায়। ওই সুপারিশ বাস্তবায়ন না করায় গত বছরের ২৪ মে সচিবের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করে হাইকোর্ট। দোলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, এরপর স্বাস্থ্য সচিব গত বছরের ৪ ডিসেম্বর হাইকোর্টের রায়ের নির্দেশনার যথাযথ বাস্তবায়ন না করে ওই ৩৪ জনের সঙ্গে আরো ২১৬ ক্যাডারে অন্তর্ভুক্তির সিদ্ধান্ত নেয়। “হাইকোর্টের রায় অনুযায়ী যোগ্য ৩৪ জনের নিয়োগে আমার মক্কেলদের আপত্তি নেই। কিন্তু তাদের সঙ্গে আরো ২১৬ জনকে নিয়োগ দিলে তারা জ্যেষ্ঠতা হারাবে। এ কারণে তারা হাইকোর্টে আবেদন করে।” বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/আরএ/২০১৪ ঘ.