নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
সাভার, জানুয়ারি ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছর খানেক আগে ১৪ বছরের প্রিয়ম চক্রবর্তীর ওজন হঠাৎ কমতে থাকে। শরীরও হতে থাকে দুর্বল। তার বাবা-মা ভেবেছিল পরীক্ষার চাপে এমনটি হচ্ছে।
কিন্তু দ্রুত তার স্বাস্থ্যের অবনতি হতে থাকায় বিষয়টি অন্য সব কিশোরের মতো স্বাভাবিক ঘটনা ছিলো না।
প্রিয়ম শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলে, “কয়েক দফা বমি ও পাতলা পায়খানা হওয়ায় বাবা-মা আমাকে ডাক্তারের কাছে নিয়ে যান। আমার রক্ত ও প্রস্রাব পরীক্ষা করে তিনি বাবা-মাকে বলেন, আমি ডায়াবেটিস আক্রান্ত।”
চট্টগ্রাম হাতে খড়ি স্কুল ও কলেজের ১০ম শ্রেণীর ছাত্র প্রিয়ম সাভারে একটি শিশু-কিশোর ডায়াবেটিক ক্যাম্পে এভাবেই তার ডায়াবেটিস সনাক্ত হওয়ার কথা বলে।
ডায়াবেটিস সম্পর্কে কোনো ধারণা না থাকায় প্রিয়ম ভেবেছিল সারা জীবন তাকে ইনসুলিন নিতে হবে।
“এ কথা শুনে আমি ভয় পেয়েছিলাম। এর আগে আমার বয়সী কোনো ডায়াবেটিক রোগীকে আমি কখনো দেখিনি।”
অন্য বন্ধুদের মতো সে মিষ্টি খেতে পারে না জানিয়ে প্রিয়ম বলে, আমাকে সংযম করতে হয়।
বিশেষজ্ঞদের মতে, টাইপ ১ ডায়াবেটিসে আক্রান্ত অনেক শিশু-কিশোর আছে। তাদেরই একজন প্রিয়ম। বাংলাদেশে এই ধরনের ডায়াবেটিস কিশোর বা ইনসুলিন নির্ভর ডায়াবেটিস হিসেবে পরিচিত।
বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশনের চেঞ্জিং ডায়াবেটিস ইন চিলড্রেন প্রোগ্রামে এক হাজার ৭৫ জন নিবন্ধিত ডায়াবেটিক আক্রান্ত শিশু আছে।
সাভারে ব্রাকের একটি সেন্টারে বাবা-মাসহ ৬০টি শিশুকে নিয়ে এ ক্যাম্পের আয়োজন করেছে বাংলাদেশ ডায়াবেটিক অ্যাসোসিয়েশন।
ডায়াবেটিসে আক্রান্ত শিশু-কিশোরদের বিনামূল্যে ইনসুলিনসহ ডায়াবেটিস নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থাপত্র সরবরাহ করার উদ্দেশ্যে ২০১০ সাল থেকে নিবন্ধনের এ কার্যক্রম শুরু হয়।
এ কর্মসূচির সমন্বয়ক ড. বেদৌরা জাবিন বলেন, ডায়াবেটিসে আক্রান্ত শিশু-কিশোরের সংখ্যা বাড়ছে।
“এ রোগ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হলেও সন্তানের ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার শোনার পর অধিকাংশ অভিভাবক ভেঙে পড়ে,” যোগ করেন তিনি।
প্রিয়মের জগত অন্ধকার হয়নি। তার মতো অনেক ছেলেকে দেখার পর এখন আর সে ভীত নয়।
সে নিজেই নিয়মিত তার রক্তে সুগারের পরিমাণ পরীক্ষা করে এবং তার রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে গেলে তা নিয়ন্ত্রণে রাখার জন্য তার কাছে একটি গ্লুকোজ মনিটর ও ইনসুলিন পাম্প আছে।
আরেক ডায়াবেটিস আক্রান্ত কুমিল্লার ১৪ বছর বয়সী বালক জাহিদুল ইসলাম। তার মা নুরজাহান বেগম তার ছেলেকে নিয়ে উদ্বিগ্ন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তার একমাত্র ছেলে ডায়াবেটিসে আক্রান্ত এটা যখন তিনি প্রথম জেনেছিলেন তখন সংবাদটি ছিলো তার কাছে ভয়াবহ।
“আমি ভয় পেয়েছিলাম। কাজে মন দিতে পারছিলাম না। এখন আমি আমার ছেলের কপাল হিসেবে এ রোগকে মেনে নিয়েছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আমি তাকে সহায়তা করি। কঠোর নিয়ম কানুন মেনে চলার জন্য আমি তাকে জোর করি না। সে আমার একমাত্র ছেলে।”
বেদৌরা জাবিন বলেন, এ ধরনের ক্যাম্প শিশু ও তাদের বাবা-মা উভয়ের উপকার করে।
ক্যাম্পে পরামর্শ ও শিক্ষা গ্রহণের পাশাপাশি শিশু-কিশোররা এখানে বিভিন্ন খেলাধুলা, গেমস শো, সঙ্গীত ও নাচে অংশ নেয়।
টাইপ ১ ডায়াবেটিস জটিল অবস্থা ধারণ করতে পারে। এতে শক্তি উৎপাদনের জন্য সুগার ভাঙতে প্রয়োজনীয় হরমোন ইনসুলিন উৎপাদন ক্ষমতা হারিয়ে ফেলে বা স্বল্প মাত্রায় এ হরমোন উৎপাদন করে অগ্ন্যাশয়।
বিশেষজ্ঞদের মতে, সঠিক প্রশিক্ষণ ও কিছু নিয়ম-কানুন মেনে চললে ডায়াবেটিস আক্রান্ত শিশু বা কিশোর অন্যদের মতো স্বাভাবিক জীবন যাপন করতে পারে এবং অন্যদের মতো সব ধরনের খেলাধুলায় অংশ নিতে পারে।
শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের এই প্রতিবেদকের সঙ্গে কথা বলার কয়েক মিনিট আগেই ফুটবল খেলে প্রিয়ম।
তবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে ব্যর্থ হলে মৃত্যুর ঝুঁকি থেকে যায়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/২৩১৬ ঘ.
bdnews24