২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ১৩ লাখ শিশুকে পোলিও টিকা খাওয়ানোর প্রস্তুতি

২০তম জাতীয় টিকা দিবসে চট্টগ্রাম জেলায় মোট ১২ লাখ ৯১ হাজার ৭২২ জনকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্য ঠিক করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jan 2012, 11:42 AM

Updated : 24 Aug 2022, 10:30 AM

চট্টগ্রাম, জানুয়ারি ০৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০তম জাতীয় টিকা দিবসে চট্টগ্রাম জেলায় মোট ১২ লাখ ৯১ হাজার ৭২২ জনকে পোলিও টিকা খাওয়ানোর লক্ষ্য ঠিক করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি এই কর্মসূচির প্রথম রাউন্ড এবং ১১ ফেব্র“য়ারি এর দ্বিতীয় রাউন্ড অনুষ্ঠিত হবে। সিভিল সার্জন আবু তৈয়ব বুধবার তার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই দুই দিনে টিকা খাওয়ানোর লক্ষ্যমাত্রা জানান। তিনি বলেন, চট্টগ্রামের ১৪টি উপজেলার ১৯৯টি ইউনিয়নে ও চট্টগ্রাম সিটি কর্পোরেশনের আওতাভুক্ত নগরীর ৪১টি ওয়ার্ডে একযোগে টিকা দিবসের কর্মসূচি পালিত হবে। প্রথম রাউন্ডে পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশুদের দুই ফোঁটা পোলিও টিকা, ছয় থেকে ১১ মাস বয়সী শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ও এক থেকে পাঁচ বছর বয়সীদের উচ্চ ক্ষমতাসম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। দ্বিতীয় রাউন্ডে পাঁচ বছর পর্যন্ত বয়সী শিশুদের দুই ফোঁটা পোলিও টিকা এবং দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের কৃমিনাশক ওষুধ খাওয়ানো হবে। সিভিল সার্জন বলেন, “টিকা দিবসের কর্মসূচি সফল করতে জেলায় এবার ৬ হাজার ২১১টি টিকাদান কেন্দ্র স্থাপন করা হয়েছে। পাশাপাশি ৭৫৮ জন সুপারভাইজার, এক হাজার ৬৫৮ জন মাঠকর্মী ও ২৪ হাজার ৯২৯ জন স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে।” গুরুতর অসুস্থ শিশুদের পোলিও টিকা না খাওয়ানোর পরামর্শ দিয়েছেন আবু তৈয়ব। সংবাদ সম্মেলনে বিশ্ব পোলিও পরিস্থিতির তথ্য উপস্থাপন করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার চট্টগ্রাম জেলা ও নগরীর সার্ভিলেন্স মেডিকেল অফিসার মোস্তফা সৈয়দ। তিনি জানান, ২০০৬ সালে সর্বশেষ বাংলাদেশে ১৮ জন পোলিও রোগী সনাক্ত হয়। এর মধ্যে চট্টগ্রামের চার জন ছিলেন। তিনি বলেন, “এরপর বাংলাদেশে কোনো পোলিও রোগীর সন্ধান পাওয়া না গেলেও ভারতে এখনো পোলিও রোগীর সন্ধান পাওয়া যায়। তাই বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে বাংলাদেশে টিকাদান কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।” সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলার সহকারী সিভিল সার্জন ডা. মোহাম্মদ রফিক উদ্দিন ও সিভিল সার্জন কার্যালয়ের কর্মকর্তা ডা. এইচ এম আহসানুল হক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/কিউএইচ/এমআই/১৭৩১ ঘ.