ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) পরামর্শ অনুযায়ী জলাতঙ্ক রোধে 'আধুনিক' প্রতিষেধক ব্যবহার এবং পাশাপাশি প্রচলিত ভ্যাকসিন উৎপাদন বন্ধ করতে যাচ্ছে সরকার।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (রোগ নিয়ন্ত্রণ) অধ্যাপক বে-নজীর আহমেদ বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ২০১১ সালের পর থেকে জলাতঙ্কের প্রতিষেধক হিসেবে নার্ভ টিস্যু ভ্যাকসিন (এনটিভি) প্রস্তুত করা হবে না।
"এ ভ্যাকসিনের পার্শ্বপ্রতিক্রিয়া থাকার বিষয়টি প্রমাণিত হয়েছে এবং ডব্লিউএইচও এর ব্যবহার নিষিদ্ধ করেছে।"
বিশ্ব জলাতঙ্ক দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত এক সেমিনারের ফাঁকে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ কথা বলেন তিনি।
কুকুরের কামড়ে জলাতঙ্ক রোগে প্রতি বছর বাংলাদেশ অন্তত দুই হাজার মানুষের মৃত্যু হয়।
যত শিগগির সম্ভব এনটিভি'র বদলে 'আরো কার্যকর ও নিরাপদ' টিস্যু কালচার ভিত্তিক ভ্যাকসিন (টিসিভি) চালুর পরামর্শ দিয়েছে ডব্লিউএইচও।
দেশে এখন নতুন এ ভ্যাকসিন পাওয়া যায় উল্লেখ করে বে-নজীর বলেন, "নার্ভ টিস্যু ভ্যাকসিন পেটে দেওয়া হয় যা অনেক কষ্টকরও।
"নতুন ভ্যাকসিন বাহুতে দেওয়া হয় এবং বাজারে তা সহজলভ্য"।
তিনি বলেন, "বিনামূল্য বিতরণের জন্য আমরাও এ ভ্যাকসিন কিনেছি এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় এই ভ্যাকসিন কিনতে প্রতি পৌরসভার জন্য ৫০ হাজার করে টাকা বরাদ্দ দিয়েছে।"
জনস্বাস্থ্য ইনস্টিটিউটের (আইপিএইচ) ভারপ্রাপ্ত পরিচালক ডা. মোহাম্মদ বজলুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "নার্ভ টিস্যু ভ্যাকসিনের উৎপাদন বন্ধের বিষয়ে গত ১৯ সেপ্টেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে ইনস্টিটিউটকে চিঠি দেওয়া হয়েছে।
"এ বছরই আমরা এর উৎপাদন শেষ করবো।"
১৯৫৩ সাল থেকে এ ভ্যাকসিন উৎপাদন করে আসছে আইপিএইচ।
বে-নজীর আহমেদ বলেন, "দেশেই আমরা আধুনিক এ ভ্যাকসিন (টিসিভি) উৎপাদনের চেষ্টা করছি। তবে এর জন্য খুবই উন্নত প্রযুক্তি দরকার।"
তিনি বলেন, "স্থানীয় একটি প্রতিষ্ঠান দাম কমিয়ে আনার লক্ষ্যে এ ভ্যাকসিন প্রথমে ঘনীভূত অবস্থায় এনে পরে তাদের প্লান্টে ডোজ হিসেবে প্রস্তুত করে বাজারজাত করার ব্যাপারে আগ্রহ দেখিয়েছে।"
রোগ সংক্রমণ বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ সালিমুজ্জামান বলেন, "মানুষকে কুকুর থেকে বিশেষত, পাগলা কুকুর থেকে দূরে থাকতে হবে। তবে একবার কামড় দিয়ে ফেললে ১০ থেকে ১৫ মিনিট ধরে সাবান দিয়ে ক্ষতস্থানটি ধুতে হবে।"
"তারপর ভ্যাকসিন নিতে হবে।"
অবশ্য জলাতঙ্ক নিয়ন্ত্রণে কুকুর নিধনের বদলে বন্ধ্যাকরণের মাধ্যমে তার বংশবিস্তার রোধের কৌশল নিয়েছে সরকার।
সেমিনারে বক্তারা বলেন, কুকুর নিধন 'অমানবিক ও উদ্দেশ্য পূরণে অকার্যকর'।
তারা বলেন, কামড় খাওয়ার পর বেশিরভাগ মানুষই সঠিক চিকিৎসা না নিয়ে সনাতনী চিকিৎসার দিকে ঝোঁকেন যা অবস্থাকে খারাপ করে।
রোগ নিয়ন্ত্রণ বিভাগের হিসাবে প্রতিবছর দুই থেকে তিন লাখ কুকুরের কামড় দেওয়ার ঘটনা ঘটে। ১৫ বছরের কম বয়সীরাই সবচেয়ে বেশি শিকার হয়।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এইচ/পিডি/২২২৮ ঘ.
bdnews24