চট্টগ্রাম, সেপ্টেম্বর ১৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আলাদা পরীক্ষা কক্ষ না থাকায় একটি পরীক্ষার জন্য চমেক হাসপাতালের একটি ওয়ার্ড থেকে শনিবার ২৫ রোগীকে বের করে সাড়ে পাঁচ ঘণ্টা বারান্দায় রাখা হয়েছিলো।
সকাল সাড়ে ৮টা থেকে বেলা ২টা পর্যন্ত চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের ১২ নম্বর হৃদরোগ বিভাগের ওই রোগীদের বারান্দায় থাকতে হয়।
এ নিয়ে দুর্ভোগের কথা জানিয়েছেন রোগীরা। অন্যদিকে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ব্যবহারিক পরীক্ষার জন্য আলাদা কক্ষ না থাকায় এভাবেই পরীক্ষা নিতে হয়েছে।
নুরুল আলম নামের একজন রোগী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পরীক্ষা চলাকালীন সময়ে বিশেষজ্ঞ চিকিৎসকরা এলেও তাড়াহুড়ো করে চলে গেছেন। বারান্দায় খোলা জায়গায় হৈ চৈ-এর মধ্যে কি চিকিৎসা হয়?"
এ বিষয়ে হৃদরোগ বিভাগের প্রধান অধ্যাপক ডা. মঞ্জুর মোর্শেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ব্যবহারিক পরীক্ষার জন্য আমাদের আলাদা কোনো কক্ষ নেই। তাই এর বিকল্প ছিলো না।"
বারান্দায় থাকলেও রোগীদের চিকিৎসা ব্যাহত হয়নি দাবি করে তিনি বলেন, "সাধারণত প্রতিদিনই সাত-আট জন রোগী বারান্দায় থাকেন।"
শনিবার ডক্টর অব মেডিসিন (এমডি) চূড়ান্ত পর্বের পরীক্ষায় তিন জন পরীক্ষার্থী অংশ নেন, যাদের জন্য ২৫ রোগীকে বের করা হয়।
তিন জন পরীক্ষার্থীর জন্য ২৫ রোগী বের করার বিষয়ে ডা. মোর্শেদ বলেন, "ঢাকা থেকে দুই জন পরীক্ষক এসেছেন। পরীক্ষার জন্য এমন ব্যবস্থা করতে হয়, যাতে একজন পরীক্ষার্থী অন্যজনের সঙ্গে আলাপ করতে না পারেন।"
ওয়ার্ডে ৫২ শয্যার বিপরীতে শনিবারও ১৬০ জন রোগী থাকার কথা জানান তিনি।
বিভাগীয় প্রধান বলেন, প্রতিদিনই এ ওয়ার্ডে রোগী ভর্তি করাতে হয। আগামী তিন মাসের মধ্যে নতুন একটি ভবনে কিছু শয্যা বিভাগের জন্য বরাদ্দ করা হবে। তখন চাপ কিছুটা কমবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৯৩৭ ঘ.
bdnews24