ঢাকা, সেপ্টেম্বর ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ধূমপান প্রসারের জন্য বহুজাতিক প্রতিষ্ঠানের প্রতি অভিযোগের আঙুল তুলেছেন আইনমন্ত্রী শফিক আহমেদ।
"অনেক বহুজাতিক কোম্পানি ধূমপান উৎসাহিত করছে," উল্লেখ করে তিনি বলেছেন, "এজন্য কোটি কোটি টাকা ব্যয় করছে। আমাদের মতো তৃতীয় বিশ্বের দেশগুলোতে তাদের নানা কর্মসূচি রয়েছে।"
তবে মন্ত্রী কোনো বহুজাতিক প্রতিষ্ঠানের নাম উল্লেখ করেননি। কোন্ প্রতিষ্ঠান কী ধরনের কর্মসূচি নিয়েছে সে বিষয়েও কিছু বলেননি তিনি।
সরকার কারখানা ও শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান নিষিদ্ধে আইন করার বিষয়টি চিন্তা ভাবনা করছে বলে জানান শফিক আহমেদ।
বৃহস্পতিবার শফিক আহমেদ বলেন, ধূমপান নিয়ন্ত্রণে খসড়া একটি আইন বর্তমানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে বিবেচনাধীন রয়েছে।
"মন্ত্রিসভায় উঠে এটি নীতিগতভাবে অনুমোদন হওয়ার পর আইন চূড়ান্ত পর্যায়ে আইন মন্ত্রণালয়ে আসবে। আমাদের কাছে আসলে আইনটি যাতে আরো কার্যকর ও গ্রহণযোগ্য হয় সেটি আমরা দেখবো।"
বৃহস্পতিবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইস্টিটিউশনে জাতীয় যক্ষ্মা নিরোধ সমিতি (নাটাব) আয়োজিত এক অনুষ্ঠানে এ সব কথা বলেন তিনি।
খসড়া আইনে জর্দা, সাদা পাতা ও গুলকে তামাকজাত পণ্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া সিগারেটের প্যাকেটের পঞ্চাশভাগ জুড়ে তামাক সেবনে স্বাস্থ্য ঝুঁকির উপদেশমূলক কথা ছাপানো বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।
আইনটি কার্যকর হলে রেস্টুরেন্টে তামাক সেবনে নিষেধাজ্ঞার পাশাপাশি শুল্কমুক্ত দোকানো 'শুল্কমুক্ত' সিগারেট বিক্রি করা আইনত অপরাধ হিসেবে গণ্য হবে।
নাটাবের প্রকল্প সমন্বয়খ সাগুফতা সুলতানা বলেন, তামাক নিয়ন্ত্রণে বর্তমান আইনে ধোঁয়াবিহীন তামাক আইনের আওতায় নেই, শতভাগ ধূমপানমুক্ত পরিবেশের কথা উল্লেখ নেই।
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে তামাক চাষ নিয়ন্ত্রণে আইন হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।
তামাক নিয়ন্ত্রণে 'ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন-২০০৫' নামে একটি আইন হয়েছিলো। এছাড়া পরে 'বিধিমালা-২০০৬' করা হয়।
পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে ধূমপায়ীদের দুই-তৃতীয়াংশই ১৭ বছরে পা রাখার আগেই ধূমপানে আসক্ত হয়ে পড়ে। এ অবস্থায় খসড়া আইনে বলা হয়েছে, ১৮ বছরের কম বয়সীদের কাছে সিগারেট কেনাবেচা করা যাবে না।
আইনভঙ্গকারীর জরিমানার হারও বাড়ানো হয়েছে সংশোধিত তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়ায়।
এতে বলা হয়েছে, ব্যক্তি পর্যায়ে আইনভঙ্গের জরিমানা ৫০ টাকা থেকে বাড়িয়ে ৫০০ টাকা করা হয়েছে। কোম্পানি পর্যায়ে এই জরিমানার হার হবে ১০ লাখ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/২৩০৬ ঘ.
bdnews24