ঢাকা, সেপ্টেম্বর ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস পেয়ে সোমবার সকালে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে যোগ দিয়েছেন মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক-কর্মচারী-নার্স।
শনিবার দুপুরে ঢাকা মহানগর যুবলীগের সদস্য মো. নাসিরের নেতৃত্বে পাঁচ-ছয়জন হাসপাতালের উপপরিচালক আবুল হাসেমের কক্ষে ঢুকে তাকে মারধর এবং গালাগাল করে। রাতেই নাসিরকে গ্রেপ্তার করা হলেও চিকিৎসক, কর্মচারী ও নার্সরা হামলাকারী অন্যদের গ্রেপ্তার দাবিতে রোববার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেন।
তাদের কর্মসূচির মধ্যে ছিলো নতুন রোগী ভর্তি না নিয়ে শুধু জরুরি বিভাগ, গাইনি বিভাগ এবং আগে ভর্তি হওয়া রোগীদের চিকিৎসা সেবা দেওয়া। এই অবস্থায় হাসপাতালে চিকিৎসা নিতে আসা অনেক রোগীকে ফিরে যেতে হয়।
ক্যাজুয়ালিটি বিভাগের প্রধান অধ্যাপক মাহবুব হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আন্দোলন চলমান অবস্থায় রোববার রাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি দল হাসপাতালে এসে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া আশ্বাস দেন। পরিপ্রেক্ষিতে সোমবার সকাল থেকে কর্মসূচি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ ধরনের ঘটনার আবার ঘটলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলেও জানান তিনি।
এদিকে সোমবার দুপুরে হাসপাতালের মূল ভবনের চতুর্থ তলায় সম্মেলন কেন্দ্রে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার কেএম ফরিদুজ্জামান, কলেজ অধ্যক্ষ এম আজহার, হাসপাতালের উপপরিচালক আবুল হাসেম, বিএমএ মহাসচিব শরফুদ্দিন আহমেদ বক্তব্য দেন।
পরে চিকিৎসক, কর্মচারী ও নার্সদের পক্ষে আট দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি মহাসচিবের কাছে দেওয়া হয়। তাদের দাবির মধ্যে রয়েছে- শনিবারের ঘটনার সুষ্ঠু সমাধান, এ ধরনের ঘটনা যেনো আর না হয় সে ব্যবস্থা করা, হাসপাতালে স্থায়ী পুলিশ ক্যাম্প স্থাপন, চিকিৎসক, কর্মচারী ও নার্সদের নিরাপত্তা নিশ্চিত করার মতো বিষয়।
কোতোয়ালি থানার ওসি সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ইতোমধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এএল/২০১৩ ঘ.
bdnews24