২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধর্মঘটে ব্যাহত মিটফোর্ডে চিকিৎসা সেবা

হাসপাতালের উপপরিচালককে লাঞ্ছণাকারী সবাইকে গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট শুরু করেছে মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক-কর্মচারী-নার্সরা। ফলে চিকিৎসা সেবা ভেঙে পড়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Sep 2011, 07:01 AM

Updated : 24 Aug 2022, 03:57 PM

ঢাকা, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হাসপাতালের উপপরিচালককে লাঞ্ছণাকারী সবাইকে গ্রেপ্তারের দাবিতে ধর্মঘট শুরু করেছে মিটফোর্ড হাসপাতালের চিকিৎসক-কর্মচারী-নার্সরা। ফলে চিকিৎসা সেবা ভেঙে পড়েছে। শনিবার দুপুরে ঢাকা মহানগর যুবলীগের সদস্য মো. নাসিরের নেতৃত্বে পাঁচ-ছয়জন হাসপাতালের উপপরিচালক আবুল হাসেমের কক্ষে ঢুকে তাকে মারধর এবং গালাগালি করে। পুলিশ রাতেই নাসিরকে গ্রেপ্তার করলেও চিকিৎসক, কর্মচারী ও নার্সরা হামলাকারী অন্যদের গ্রেপ্তার দাবিতে রোববার দুপুর ১২টা থেকে কর্মবিরতি শুরু করেছে। আন্দোলন পরিচালনার জন্য ড. আনোয়ার হোসেন পাটোয়ারিকে প্রধান করে ৬ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। এ কমিটির নেতৃত্বে আন্দোলন চলবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ডা. আনোয়ার সরকার সমর্থক চিকিৎসকদের সংগঠন স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) মিডফোর্ড শাখার সহসভাপতি। মিডফোর্ডের চিকিৎসক মো. আমিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন, এ সময়ে শুধু জরুরি বিভাগ ও গাইনি বিভাগে চিকিৎসা সেবা দেওয়া হবে। নতুন কোনো রোগী ভর্তি না করার সিদ্ধান্তও নিয়েছে আন্দোলনকারীরা। হামলার প্রতিবাদে শনিবারও দু'ঘণ্টা কর্মবিরতি পালন করে হাসপাতালের চিকিৎসক ও কর্মীরা। ওই ঘটনার পরপরই স্থানীয় সংসদ সদস্য ও স্বাচিপ নেতা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন হাসপাতালে গিয়ে ২৪ ঘণ্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর রাতেই যুবলীগ নেতা নাসিরকে গ্রেপ্তার করা হয়। ওই ঘটনায় একটি মামলা হয়েছে। ঢাকা মহানগর পুলিশের লালবাগ অঞ্চলের সহকারী কমিশনার রাজীব আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মূল অভিযুক্ত নাসিরকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদের গ্রেপ্তারেও পুলিশ অভিযান চালাচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/এমআই/১২৫৫ ঘ.