জয়পুরহাট, সেপ্টেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে কিডনি বেচাকেনার দায়ে ঢাকা থেকে আরো এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকালে রাজধানীর উত্তরা থেকে ডিবি পুলিশ তারেক আজমকে গ্রেপ্তার করে।
পুলিশ বলছে, আজম কিডনি বেচাকেনা চক্রের মূল হোতা।
এর আগে গত ২৮ অগাস্ট কালাই উপজেলার বহুতি গ্রামের আব্দুস ছাত্তার (৪০), গোলাম মোস্তফা (৩৭), আব্দুল করিম ওরফে ফোরকানকে (৩৫) এবং ৩ সেপ্টেম্বর মোশাররফ হোসেন ও ৬ সেপ্টেম্বর বাগেরহাট থেকে সাইফুল মোল্লা- এই পাঁচ দালালকে গ্রেপ্তার করে পুলিশ।
কালাই থানার ওসি ফজলুল করিম সাংবাদিকদের জানান, চক্রের সেকেন্ড ইন কমান্ড সাইফুল মোল্লার দেওয়া তথ্যের ভিত্তিতেই আজমকে ডিবি পুলিশের সহায়তায় ঢাকার উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সেই এই চক্রের মূল হোতা।
জয়পুরহাট জেলায় দীর্ঘদিন ধরে একটি দালাল চক্র অভাবি মানুষদের ফুসলিয়ে টাকার বিনিময়ে কিডনি বিক্রি করতে প্ররোচিত করে আসছিলো।
পুলিশের জিজ্ঞাসাবাদে আটককৃতরা স্বীকার করেছে, তারা এ পর্যন্ত ৪২ জনের কিডনি কিনেছেন।
ওসি জানান, সাইফুল বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলমের আদালতে স্বীকারোক্তিমূলক জাবনবন্দী দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২২০৮ ঘ.
bdnews24