সিরাজগঞ্জ, সেপ্টেম্বর ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে আবারো দুই অ্যানথ্রাক্স রোগীর সন্ধান পাওয়া গেছে।
পোরজনা ইউনিয়নের কাঁকুরিয়া গ্রামে মা ও ছেলের দেহে এ রোগের জীবাণু পাওয়া যায় বলে সোমবার সকালে জানান সিভিল সার্জন নাজিম উদ্দিন খান। আক্রান্তদের চিকিৎসা দেওয়া হয়েছে।
এর আগে চলতি বছরের মে ও জুন মাসে শাহজাদপুরে ৫১ জন অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়েছিল।
সিরাজগঞ্জের সিভিল সার্জন নাজিম উদ্দিন খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ৩ সেপ্টেম্বর কাঁকুরিয়া গ্রামের একটি অ্যানথ্রাক্স আক্রান্ত ছাগলের মাংস কয়েকটি পরিবার ভাগাভাগি করে নেয়।
ওই মাংস খাওয়ার কারণেই মা ও ছেলে অ্যানথ্রাক্সে আক্রান্ত হয় বলে জানান সিভিল সার্জন।
তিনি আরো জানান, আক্রান্তদের চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। আক্রান্ত পশুর মাংস না খাওয়ার জন্য এলাকাবাসীকে সতর্ক করা হয়েছে।
সিরাজগঞ্জ প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম জানান, আক্রান্ত এলাকার গরুগুলোকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। মালিকদের অনীহার কারণে অনেকগুলো ছাগল ও ভেড়া ভ্যাকসিনের আওতায় আনা সম্ভব হয়নি।
এর ফলে ওই এলাকায় নতুন করে অ্যানথ্যাক্স দেখা দিতে পারে বলে মন্তব্য করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২২৩৪ ঘ.
bdnews24