২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'গলাফোলা' রোগে নাটোরে ১১ মহিষের মৃত্যু

নাটোরের লালপুরে হিমোরেজিক সেপ্টিসিমিয়া (এইচএস) রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহে ১১টি মহিষ মারা গেছে। এ অবস্থায় ওই এলাকায় তিন সদস্যের চিকিৎসক দল কাজ শুরু করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Aug 2011, 02:54 PM

Updated : 24 Aug 2022, 03:44 PM

নাটোর, অগাস্ট ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নাটোরের লালপুরে হিমোরেজিক সেপ্টিসিমিয়া (এইচএস) রোগে আক্রান্ত হয়ে এক সপ্তাহে ১১টি মহিষ মারা গেছে। এ অবস্থায় ওই এলাকায় তিন সদস্যের চিকিৎসক দল কাজ শুরু করেছে। স্থানীয়ভাবে রোগটি গলাফোলা রোগ নামে পরিচিত। জেলা প্রাণি সম্পদ কার্যালয় জানিয়েছে, উপজেলার মাধবপুর গ্রামের নাজিম উদ্দিন গত ৩ অগাস্ট এক পাল মহিষ নিয়ে পাবনার ঈশ্বরদী উপজেলার হরিপুর চরে গিয়েছিলেন। সেখানে তাদের দুটি মহিষ মারা যায়। লালপুরের গোপালপুর কৃষি খামারে নিয়ে আসার পর ওই মহিষ পালের আরো দুটির মৃত্যু হয়। এভাবে গত সাত দিনে ওই এলাকার ১১টি মহিষ মারা যায়। খবর পেয়ে জয়পুরহাটের আঞ্চলিক প্রাণী রোগ অনুসন্ধান গবেষণাগারের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা মো. নূরুল আমীনের নেতৃত্বে পশু চিকিৎসকদের একটি দল লালপুরের বিভিন্ন গ্রাম পরিদর্শন করেন। পরে আক্রান্ত ও মৃত মহিষের রক্ত, লালা ও মলমূত্র পরীক্ষা করে জানা যায় মহিষগুলো এইচএস রোগে আক্রান্ত হয়েছিলো। এ ঘটনায় নাটোর সদর উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ইউএলও) মো. আনিসুর রহমানকে প্রধান করে তিন সদস্যের চিকিৎসক দল গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হলেন- লালপুরের ইউএলও মো. মোস্তাফিজুর রহমান ও সিংড়ার ভেটেরিনারি সার্জন মো. হারুন অর রশিদ। মো. নুরুল আমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আক্রান্ত মহিষের নমুনা পরীক্ষা করে তাতে হিমোরেজিক সেপ্টিসিমিয়া বা এইচএস রোগ ধরা পড়েছে। এটি ব্যাকটেরিয়া বাহিত সংক্রামক রোগ। তবে পশু থেকে এটি মানুষে সংক্রমিত হয় না, মহিষ থেকে গরুতে হতে পারে। এ রোগে আক্রান্ত পশুর যথাযথ চিকিৎসা করা না হলে দুই দিনের মধ্যে মৃত্যু হয় বলেও জানান তিনি। নুরুল আমীন বলেন, রোগ প্রতিরোধের জন্য এইচএস ভ্যাকসিন প্রয়োগ করা যেতে পারে। রোগাক্রান্ত হলে পশুকে ইমিডোকার, রেনামাইসিন, এন্টিহিস্টামিন জাতীয় ইনজেকশন ও নাপা ট্যাবলেট দেওয়া যেতে পারে। এদিকে, এইচএস রোগ সংক্রমণের খবরে এলাকায় মহিষের দাম কমে গেছে। অনেকেই আক্রান্ত মহিষ কম দামে কিনে জবাই করে মাংস বিক্রি করছেন। গলাফোলার লক্ষণ মাধবপুর গ্রামের নাজিম উদ্দিন জানান, এ রোগে আক্রান্ত মহিষের হটাৎ তীব্র জ্বর আসে। নাক-মুখ দিয়ে লালা ঝরতে থাকে। গলা ফুলে যায়। এগুলো খাওয়া ছেড়ে দেয়। জেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (ডিএলও) এটিএম ফজলুল কাদের বলেন, এ রোগে আক্রান্ত পশুর মৃত্যুর হার শতকরা ৫০ থেকে শতভাগ। তাই রোগটি যেন ব্যাপকহারে ছড়িয়ে না পড়ে সে ব্যবস্থা নেওয়া হচ্ছে। অসুস্থ পশুর মাংস খাওয়া থেকে বিরত থাকার পাশাপাশি মারা গেলে কম পক্ষে ছয় ফুট মাটির নিচে পুঁতে ফেলতে হবে বলেও জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/২০৫২ ঘ.