২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় খাবার খেয়ে শতাধিক শ্রমিক অসুস্থ

ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় দুপুরের খাবার খেয়ে শতধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2011, 06:10 PM

Updated : 24 Aug 2022, 03:20 PM

সাভার, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকার সাভারের আশুলিয়ায় একটি পোশাক কারখানায় দুপুরের খাবার খেয়ে শতধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। বমি ও পেটব্যাথা হলে তাদের স্থানীয় দুইটি হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় শ্রমিকের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরলে কারখানায় ছুটি দেওয়া হয়। শনিবার বিকালে বেরন এলাকায় শেড ফ্যাশন লি. নামের কারখানায় এ ঘটনা ঘটে। অসুস্থদের কয়েকজন হলেন- মেহেদী, শেফালি আক্তার, নদী, সাবানা, রুপা, রেখা, মুন্না, কারিনা, খুসি, রুপা বেগম, জেসমিন, জুঁই, আল-আমিন, শরিফুল ইসলাম, শাহ আলম, লাইজু ও অর্জুনা। তাদের স্থানীয় নারী ও শিশু হাসপাতাল ও খলিল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আশুলিয়া থানার ওসি সিরাজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানাটিতে প্রায় আড়াই হাজার শ্রমিকের জন্য তুরাগ ট্রেডার্স নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান খাবার সরবরাহ করে। দুপুরে শ্রমিকরা ভাত, ডিম ও ডাল খেয়ে কাজে যোগ দেন। এর ঘণ্টাখানেক পর থেকে তাদের কেউ কেউ বমি করতে থাকেন। কেউ পেটের ব্যাথায় কাতরাতে থাকেন। কারখানা কর্তৃপক্ষ অনেককে প্রাথমিক চিকিৎসা দিলেও গুরুতর অসুস্থ প্রায় ৩০ জনকে হাসপাতালে ভর্তি করেছে। অসুস্থ শ্রমিক শেফালি আক্তার জানান, দুপুরে কারখানায় খাবার খাওয়ার কিছু সময় পর থেকে পেটে ব্যাথা অনুভব করেন। পরে বমি করতে করতে অসুস্থ হয়ে পড়েন। একে একে কারখানায় অনেকেই অসুস্থ হয়ে পড়লে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে ছুটি ঘোষণা করে। এ ব্যাপারে নারী ও শিশু হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মাহাবুবুল হাসান জানান, খাদ্যে বিষক্রিয়ায় শ্রমিকরা পেটের ব্যাথা ও বমি করতে থাকে। তবে তাদের অবস্থা এখন অনেকটাই ভালো। কিছু শ্রমিকের অবস্থা একটু খারাপ থাকায় তাদের আরো একদিন হাসপাতালে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। শেড ফ্যাশনের উপ মহা-ব্যবস্থাপক (প্রশাসন) শহীদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের কাছে শ্রমিক অসুস্থ হওয়ার কথা স্বীকার করলেও খাবার খেয়ে শ্রমিক অসুস্থ হওয়ার কথা অস্বীকার করেন। তার ধারণা, গরমের কারণে এ ঘটনা ঘটতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০৭ ঘ.