নুরুল ইসলাম হাসিব
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক
ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন বছরে তৃতীয়বারের মতো হেপাটাইটিস ই'র প্রাদুর্ভাব দেখা দেওয়ায় জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়ছে। তারা বলছেন, সুপেয় পানি সরবরাহ নিশ্চিত করা না গেলে এ রোগ ভয়াবহ আকার ধারণ করতে পারে।
সম্প্রতি টাঙ্গাইল জেলার মির্জাপুরে কুমুদিনি কল্যাণ ট্রাস্টের শিক্ষার্থীদের মধ্যে হেপাটিস ই'র সংক্রমণ দেখা দেওয়ার পর এই উদ্বেগের কথা প্রকাশ কেরেছেন তারা।
চলতি মাসের শুরুর দিকে ত্বক ও চোখে হলুদ আভা নিয়ে কুমুদিনি মেডিকেল কলেজ ও হাসপাতাল, নার্সিং স্কুল ও ভারতেশ্বরী হোমসের হোস্টেলে ভর্তি হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। তাদের পরীক্ষার পর রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) চিকিৎসকরা রোববার জানান, অসুস্থ শিক্ষার্থীরা হেপাটাইটিস ই ভাইরাসে আক্রান্ত হয়েছে।
আইইডিসিআর-এর পরিচালক অধ্যাপক মাহমুদুর রহমান সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পানির মাধ্যমেই এ ভাইরাস ছড়িয়েছে বলে নিশ্চিত হয়েছি আমরা।"
চিকিৎসকরা জানান, গত তিন বছরে শহর এলাকায় হেপাটাইটিস ই'র প্রাদুর্ভাবের তৃতীয় ঘটনা এটি।
মাহমুদুর রহমান বলেন, "দূষিত পানি ও খাবারের মাধ্যমে সারা বছরই রোগ ছড়াচ্ছে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই রোগের উৎস সনাক্ত করা সম্ভব হয় না।"
কেবল একসঙ্গে অনেক মানুষ আক্রান্ত হলেই আইইডিসিআরের ডাক পড়ে উল্লেখ করে সংস্থার পরিচালক বলেন, "এ রোগ প্রতিরোধে নিরাপদ পানি সরবরাহ নিশ্চিত করার বিকল্প নেই।"
তিনি জানান, ২০১০ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় দুই হাজারেরও বেশি মানুষ জন্ডিসে আক্রান্ত হওয়ার পর হেপাটাইটিস ই ভাইরাসের প্রাদুর্ভাব চিহ্নিত করা হয়। ওই সময় রাজশাহীতে চারজন এ রোগে মারা যায়।
এর আগে ২০০৮ এর অগাস্ট থেকে ডিসেম্বরের মধ্যে টঙ্গীতে ব্যাপক হারে জন্ডিস ছড়িয়ে পড়ে। আইইডিসিআর ও আইসিডিডিআর'বির যৌথ সমীক্ষায় দেখা যায়, ওই সময় টঙ্গী এলাকার মোট জনসংখ্যার অন্তত তিন শতাংশ জন্ডিসে আক্রান্ত হন। আর তাদের ৭০ শতাংশই ছিলেন হেপাটাইটিস ই'র শিকার।
ওই প্রাদুর্ভাবের সময় টঙ্গীতে জন্ডিসে ভুগে মারা যান অন্তত ২০ জন।
আইসিডিডিআর'বির গবেষক ডা. জাহাঙ্গীর হোসেন বলেন, "আমরা সাধারণ মানুষের ওপর সমীক্ষা চালিয়ে দেখেছি- জন্ডিস কেন হয় সে সম্পর্কে তাদের ধারণা পরিষ্কার নয়। এটি যে মূলত পানিবাহিত রোগ- সেটাও অনেকে জানেন না। তাদের ধারণা জন্ডিস হয় 'খারাপ বাতাসের' কারণে।"
জন্ডিস কেন হয় তা না জানার কারণে গ্রামঞ্চল, এমনকি শহরের নিু আয়ের মানুষও চিকিৎসার জন্য কবিরাজের কাছে ছোটেন।
আইইডিসিআরের পরিচালক মাহমুদুর রহমান বলেন, টঙ্গীতে মাতৃমৃত্যুর ঘটনা হঠাৎ বেড়ে যাওয়ায় হেপাটাইটিস সি'র প্রাদুর্ভাবের বিষয়টি সনাক্ত করেন চিকিৎসকরা।
তিনি জানান, সাধারণত এ ভাইরাসে আক্রান্তরা নিয়ম মেনে চললে নির্দিষ্ট সময় পর নিজে নিজেই সেরে ওঠেন। কিন্তু গর্ভবতী নারীদের ক্ষেত্রে কখনো কখনো তা ভয়াবহ পরিণতি ডেকে আনে।
এ ভাইরাস সাধারণত মানুষ থেকে মানুষে ছড়ায় না জানিয়ে মাহমুদুর রহমান বলেন, জন্ডিস থেকে বাঁচতে চাইলে ফুটানো পানি পান করতে হবে। তাছাড়া ফুটপথে কেটে বিক্রি করা ফলমূল ও সালাদ না খাওয়ারও পরামর্শ দেন তিনি।
হেপাটাইটিস ই ভাইরাস নখের নিচে আশ্রয় নিয়ে থাকে বলে খাওয়ার আগে অবশ্যই সাবান দিয়ে হাত ধুতে হবে।
"তবে সব কিছুর আগে সবার জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে হবে", যোগ করেন এই চিকিৎসক।
তিনি বলেন, "এক্ষেত্রে ওয়াসা, ডিপিএইচই, মিউনিসিপালিটি ও স্বাস্থ্য বিভাগের পানি সরবরাহের বিভিন্ন পয়েন্টে নিয়মিত পানিতে ক্লোরিনের পরিমাণ ও জীবাণু সংক্রমণ ঘটেছে কি না তা পরীক্ষা করতে হবে।"
হেপাটাইটিস সংক্রমণ রোধে দূষিত পানির উৎস বন্ধ করার জন্য কুমুদিনি কল্যাণ ট্রাস্টকে পরামর্শ দিয়েছে আইইডিসিআর।
ট্রাস্টের মহাব্যবস্থাপক মাহবুব আল নূর সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এরই মধ্যে এ ব্যাপারে ব্যবস্থা নিয়েছি।"
১৬ জুন পর্যন্ত প্রতিষ্ঠানে ছুটি চলছে বলেও উল্লেখ করেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/জেকে/২৩৩৭ ঘ.
bdnews24