২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানোয় হতাশা

জাতীয় বাজেটে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে বরাদ্দ বৃদ্ধির প্রত্যাশা থাকলেও ঘটেছে উল্টো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 05:42 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

নূরুল ইসলাম হাসিব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জাতীয় বাজেটে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা খাতে বরাদ্দ বৃদ্ধির প্রত্যাশা থাকলেও ঘটেছে উল্টো। ২০১১-১২ অর্থবছরের জন্য এ খাতে যে বরাদ্দ প্রস্তাব করা হয়েছে তা মোট বাজেটের পাঁচ দশমিক ১০ শতাংশ। আর এটি চলতি অর্থবছরের চেয়ে শূন্য দশমিক ৯০ শতাংশ কম। নতুন অর্থবছরে পরিবার পরিকল্পনা খাতে চলতি বরাদ্দের চেয়ে এক কোটি ৩০ লাখ টাকা কমিয়ে ৬৪ কোটি ৪০ লাখ টাকা দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সংশ্লিষ্টদের মতে যা খুবই হতাশাজনক। প্রস্তাবিত বাজেটে উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে জনস্বাস্থ্য খাতে আট হাজার আটশ ৮৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে সাড়ে সাত শতাংশ উন্নয়ন ও চার দশমিক ২০ শতাংশ অনুন্নয়ন ব্যয় ধরা হয়েছে। ২০১০-১১ অর্থবছরে এ খাতে আট হাজার একশ ৪৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছিলো, যা মোট বাজেটের ছয় শতাংশ। জনস্বাস্থ্য খাতে বরাদ্দ কমে যাওয়ায় হতাশা প্রকাশ করেছেন স্বাস্থ্য অধিকার সংশ্লিষ্টরা। বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক ড. নিলুফার বানু বলেন, "স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানে ঠিক হয়নি। আরো বেশি বাজেট বরাদ্দ দেওয়া উচিত ছিলো, বিশেষ করে জনসংখ্যা নিয়ন্ত্রণের জন্য।" অনিয়ন্ত্রিত জনসংখ্যা বৃদ্ধির কারণে সব উন্নয়ন কর্মকা- ভেস্তে যেতে পারে বলেও মন্তব্য করেন তিনি। স্বাস্থ্য অধিকার আন্দোলন জাতীয় কমিটির সভাপতি ড. রশিদ-ই-মাহবুব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "স্বাস্থ্য খাতকে প্রাধান্য দেওয়া হবে এমনটি আমি কখনোই প্রত্যাশা করিনি। এটি কখনোই প্রাধান্য পায়নি।" বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা খাতের উন্নয়নে পাঁচ বছর মেয়াদি ২৩ হাজার কোটি টাকার কর্মসূচি গ্রহণের পরিকল্পনার কথা জানান। এছাড়া গ্রামীণ জনপদে স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে টেলিমেডিসিনকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে তুলে ধরেন তিনি। অর্থমন্ত্রী চিকিৎসক, সেবিকা ও স্বাস্থ্য সহকারীর আনুপাতিক হার বাড়ানোর জন্য প্রশিক্ষিত সেবিকা ও স্বাস্থ্য সহকারী তৈরির বিষয়েও গুরুত্ব দেন। বিকল্প চিকিৎসার মানোন্নয়ন ও আধুনিকায়নে রেজিস্ট্রেশন কাউন্সিল গঠনের প্রক্রিয়া চলছে বলেও জানান মুহিত। মা ও শিশু মৃত্যুর হার কমে যাওয়ায় স্বাস্থ্যখাতে বরাদ্দ কম দেওয়া হয়েছে বলে মনে করেন বাংলাদেশ উন্নয়ন পরিষদের নির্বাহী পরিচালক নিলুফার বানু। তিনি বলেন, তবে এটি মোটেও বুদ্ধিমানের কাজ হয়নি, কারণ জন্ম নিয়ন্ত্রণের জন্য আমাদের আরো জোর দিতে হবে। জনসংখ্যা বৃদ্ধি বাংলাদেশের জন্য একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এ খাতে নজর দেওয়া যেত। ভেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর দ্য রুরাল পুওরের গবেষক মোহাম্মদ জোবায়ের হাসান সংশোধিত বাজেটে এ খাতে বরাদ্দ না কমানোর আহ্বান জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএল/পিডি/২৩২৫ ঘ.