সিরাজগঞ্জ, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে আরো ছয় অ্যানথ্রাক্স বা তড়কা রোগী সনাক্ত হয়েছেন।
এ নিয়ে সিরাজগঞ্জের অ্যানথ্রাক্স আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৫৭।
সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের স্যানিটারি ইন্সপেক্টর রামচন্দ্র সাহা মিলন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আক্রান্তরা উপজেলার হাবিবুল্লাহ নগর ইউনিয়নের হাসাখোলা গ্রামের বাসিন্দা। তাদেরকে শাহজাদপুরের পোতাজিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।
গত ২৭ মে শাহজাদপুরে ১৫ অ্যানথ্রাক্স রোগী সনাক্ত হয়। পরে উল্লাপাড়াও এই রোগ দেখা দেয়।
সিভিল সার্জন ডা. নাজিম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সংক্রমিত এলাকায় অ্যানথ্রাক্স বিষয়ে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হচ্ছে।
সাধারণত অ্যানথ্রাক্স আক্রান্ত পশু জবাই, মাংস কাটা ও ধোয়া বা পরিষ্কার করার সময় অ্যানথ্রাক্সের জীবাণু মানুষে সংক্রমিত হয়। এ জন্য এসব ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/১৭১১ ঘ.
bdnews24