ঢাকা, জুন ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালের চাকরিচ্যুত ভুয়া চিকিৎসক এ ওয়াহাব খানকে কারাগারে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন চাইলে মহানগর হাকিম সাইফুল ইসলাম তা নাকচ করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা উপ-পরিদর্শক মো. শেখ ফরিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা জানিয়েছেন।
গত ১২ মে ভুয়া পরিচয় দিয়ে জালিয়াতি ও প্রতারণার অভিযোগে হাজারিবাগ থানায় ওহাবের বিরুদ্ধে মামলা করেন ওই কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অধ্যাপক আলতাফ হোসেন।
মামলায় বলা হয়, অভিযুক্ত জাল সার্টিফিকেট দিয়ে সিকদার উইমেন্স মেডিক্যাল কলেজ হাসপাতালে চাকরি নিয়েছিলেন। এছাড়া চিকিৎসক হিসেবে কাজের অভিজ্ঞতা হিসেবে সিরাজগঞ্জের খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং গুলশানের সাহাবুদ্দিন মেডিকেল কলেজ ও হাসপাতালের সহকারী অধ্যাপক হিসাবে কাজ করার অভিজ্ঞতার কথা উল্লেখ করেন।
সনদপত্র জাল হওয়ার বিষয়টি ধরা পড়লে গত ৯ মে ওয়াহাবকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়।
অ্যাডভোকেট আলাউদ্দিন মোল্লা তার পক্ষে জামিনের শুনানি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/১৯২০ ঘ.
bdnews24