২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন শনিবার

প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 May 2011, 07:18 PM

Updated : 24 Aug 2022, 03:09 PM

ঢাকা, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার দেশব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। জনস্বাস্থ্য ও পুষ্টি ইনস্টিটিউটের (আইপিএইচএন) পরিচালক অধ্যাপক ফাতিমা পারভিন চৌধুরী শুক্রবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টায় গণভবনে এ কর্মসূচির উদ্বোধন করা হবে। "প্রধানমন্ত্রী কয়েকটি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাইয়ে এর উদ্বোধন করবেন।" এ কর্মসূচির আওতায় পাঁচ বছর বয়সের কম এক কোটি ৯০ লাখের বেশি শিশুকে ভিটামিন এ ক্যাপসুল এবং দুই থেকে পাঁচ বছর বয়সী এক কোটি ৭০ লাখ শিশুকে কৃমিনাশক ট্যাবলেট খাওয়ানো হবে। ফাতিমা পারভিন বলেন, স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীরা এক লাখ ৪০ হাজার স্বাস্থ্যকন্দ্র, বিদ্যালয় এবং বাস, নৌ ও রেল স্টেশনে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভিটামিন এ ক্যাপসুল ও কৃশিনাশক ট্যাবলেট বিতরণ করবেন। তিনি জানান, ভিটামিন এ-এর অভাবে রাতকানা ছাড়াও হাম ও ডায়রিয়ার ঝুঁকি বাড়ে। বাংলাদেশে মোট শিশুমৃত্যুর এক তৃতীয়াংশই ঘটে হাম ও ডায়রিয়ার কারণে। আর কৃমির কারণে রক্তস্বল্পতা দেখা দেয়, যা শিশুর বৃদ্ধিকে বাধাগ্রস্ত করে। ফাতিমা পারভিন বলেন, এবারই প্রথম ছয় থেকে ১১ মাস বয়সী দুই লাখ শিশুকে পরীক্ষামূলকভাবে কম ক্ষমতাসম্পন্ন ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হবে। নীল রংয়ের এ ক্যাপসুল বিতরণ করা হবে গোপালগঞ্জ, সাতক্ষীরা, কুমিল্লা, মৌলভীবাজার ও বরিশাল জেলায় এবং রাজশাহী ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায়। শিশুকে খালি পেটে কৃমিনাশক ট্যাবলেট না খাওয়ানোর অনুরোধ জানিয়ে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, খালি পেটে ট্যাবলেট গ্রহণ শিশুর জন্য অস্বস্তিকর হতে পারে। সরকারি উদ্যোগে প্রতি বছর বাংলাদেশে শিশুদের দুবার ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হয়। চলতি বছর দ্বিতীয় পর্যায়ে এ ক্যাপসুল দেওয়া হবে অক্টোবরে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/জেকে/০১১৫ ঘ.