সিরাজগঞ্জ, মে ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জের শাহজাদপুরে ১৬ জন অ্যানথ্রাক্স রোগী সনাক্ত করা হয়েছে। এদের মধ্যে চার জনের বয়স ৪ থেকে ১২ বছরের মধ্যে।
শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আব্দুল আউয়াল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আক্রান্ত রোগীদের চিকিৎসা চলছে। তবে কাউকে ভর্তি করা হয়নি।"
গত বছর জুলাই মাসেও এ উপজেলায় মানব দেহে অ্যানথ্রাক্স সংক্রমণ ঘটে। সে সময় আক্রান্ত হয়েছিলেন ১১৪ জন।
শাহজাদপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আলতাফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ঘটনাস্থলে প্রাণিসম্পদ বিভাগের তিন সদস্যের একটি দল পাঠানো হয়েছে।"
তিনি জানান, গত ১৩ মে উপজেলার কায়েমপুর ইউনিয়নের সরাতৈল গ্রামে অ্যানথ্রাক্স আক্রান্ত একটি গরু জবাই করার পর তা মানব দেহে ছড়িয়ে পড়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
সাধারণত, এ রোগে আক্রান্ত পশু জবাই, মাংস কাটা ও ধোয়া বা পরিষ্কার করার সময় অ্যানথ্রাক্সের জীবাণু মানুষে সংক্রমিত হয়।
এই রোগ যাতে আরো ছড়িয়ে না পরে, সেজন্য ওই এলাকায় গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান আলতাফ।
আক্রান্তরা হলেন- আশরাফ আলী (৩০), গোলবার হোসেন (৪০), মজনু মিয়া (২৫), মানিক (৩২), ইসমাইল (৩২), জলিল (২৫), মান্নান (৩০), বরাত (১২), আলিম (৯), ফরিদ (৩২), শাকিল (৯), মনিরুল ইসলাম (২২), খাদিজা (৪), আসিনুর (২৮), নাজমা (৪৫), আনোয়ারা (৫০)।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, গত বছরের পুনরাবৃত্তি যাতে না ঘটে সেজন্য শাহজাদপুরে গ্রামে গ্রামে গবাদি পশুকে ভ্যাকসিন দেওয়া হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/জেকে/১৬২৮ ঘ.
bdnews24